রায় ঘোষণার সময় আজ আদালতে হাজির থাকবেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। দোষী সাব্যস্ত হলে গিলানিকে প্রধানমন্ত্রীর পদ হারাতে ও কারাগারে যেতে হবে। গতকাল বুধবার গিলানি বলেছেন, রায় ঘোষণার সময় তিনি সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন। গত ফেব্রুয়ারিতে গিলানির বিরুদ্ধে ওই মামলা করা হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা আবার চালু করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানান গিলানি। এরপর তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন সুপ্রিম কোর্ট। দোষী সাব্যস্ত হলে গিলানির অন্তত ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারাবেন।গতকাল ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠক চলাকালে গিলানি বলেন, ‘আমি বৃহস্পতিবার আদালতে হাজির হব। আদালতে আমার আইনজীবীদের ও অ্যাটর্নি জেনারেলের দেওয়া জবাবে আমি সন্তুষ্ট।’তবে দোষী সাব্যস্ত হলে পদত্যাগ করবেন কি না, এ ব্যাপারে কিছু বলেননি গিলানি। সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর কারণ হিসেবে গিলানি বলেন, প্রেসিডেন্ট হিসেবে জারদারি পূর্ণ দায়মুক্তি রয়েছে। এ জন্য তিনি জারদারি বিরুদ্ধে দুর্নীতির মামলা চালু করতে সুইস কর্তৃপক্ষকে চিঠি দেননি। এএফপি।