সার্বিয়াকে গণহত্যার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে জাতিসংঘের শীর্ষ আদালত ২০০৭ সালে যে রায় দিয়েছিলেন, সেটা পুনর্বিবেচনার জন্য বসনিয়া আবেদন করবে। দেশটির মুসলিম নেতা বাকির ইজেতবেগোভিচ গত শুক্রবার এ কথা বলেছেন। বসনিয়ার গৃহযুদ্ধের সময় ওই গণহত্যার অভিযোগ ওঠে। ১৯৯২-১৯৯৫ সালের ওই যুদ্ধের পর থেকে বলকান দেশটিতে জাতিগত বিভক্তি প্রকট হয়েছে। আন্তর্জাতিক আদালতের রায় পুনর্বিবেচনার দাবিকে কেন্দ্র করে সেখানে নতুন রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। বসনিয়ার সার্বীয় নেতা ম্লাদেন ইভানিচ গত মঙ্গলবার বলেন, মুসলিম নেতাদের এমন সিদ্ধান্ত বসনিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। ইজেতবেগোভিচ বলেছেন, পুনর্বিবেচনার আবেদনটি ১০ বছরের সময়সীমা পেরোনোর আগেই দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আগামী সপ্তাহে পাঠানো হবে। সত্যটা সবারই জানা প্রয়োজন। অভিজ্ঞ আন্তর্জাতিক বিচারকেরা নিরপেক্ষভাবে সেই রায় লিখবেন। সার্বীয় কর্মকর্তারা বলছেন, বসনিয়ার নেতৃত্বে বহাল তিনটি পক্ষের সম্মতি ছাড়া এ ধরনের আবেদন করা যাবে না।
এএফপি