রায়ে দোষী সাব্যস্ত হলেও আপিল করবেন না গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আদালত অবমাননা মামলার রায়ে দোষী সাব্যস্ত হলেও তিনি এর বিরুদ্ধে আপিল করবেন না। দেশটির জাতীয় পরিষদের স্পিকার তাঁকে অযোগ্য ঘোষণা না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গিলানির কৌঁসুলি গতকাল শনিবার এ তথ্য জানান।পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত মাসে আদালত অবমাননা মামলার রায়ে প্রধানমন্ত্রী গিলানিকে দোষী সাব্যস্ত করেন। আদালতের আদেশ অনুযায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে অস্বীকৃতি জানানোর পর গিলানি ওই মামলার সম্মুখীন হন।সুপ্রিম কোর্ট তাঁর রায়ে প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রতীকীভাবে আদালতকক্ষে সাজা দেন। রায় ঘোষণা করে বিচারপতিরা কক্ষ ত্যাগ করার সঙ্গে সঙ্গে এ সাজার মেয়াদও শেষ হয়ে যায়।পাকিস্তানের সংবিধান অনুসারে, আদালত অবমাননা কিংবা উপহাস করে কেউ দোষী সাব্যস্ত হলে সে দেশের পার্লামেন্টের সদস্য হওয়ার ক্ষেত্রে তাঁর বাধা রয়েছে। এ পরিস্থিতিতে স্পিকার অযোগ্য ঘোষণার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে তাঁর বিষয়টি পাঠাতে পারেন। কিন্তু বৃহস্পতিবার স্পিকার ফাহমিদা মির্জা বলেন, আদালত অবমাননার জন্য গিলানি যেভাবে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে সংবিধান অনুযায়ী তাঁকে অযোগ্য ঘোষণার সুযোগ নেই।স্পিকার মির্জা প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী গিলানির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সদস্য। গিলানির কৌঁসুলি আইতজাজ আহসান এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দলীয় নেতাদের পরামর্শের পর প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এএফপি।