কানাডায় যাত্রীবাহী ট্রেনে হামলার ষড়যন্ত্রের পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া রায়েদ জামেরকে ১৯৯৮ সালে একবার দেশ থেকে বহিষ্কারের আদেশ দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু ফিলিস্তিনি রায়েদ (৩৫) রাষ্ট্রের স্বীকৃতিহীন দেশের নাগরিক—এই অজুহাতে তখন রক্ষা পান। গত শুক্রবার কানাডার অভিবাসন বিভাগ এ কথা জানিয়েছে।১৯৭৮ সালে কানাডা জাতিসংঘের একটি সনদে সই করে। ওই সনদ অনুসারে রাষ্ট্রের স্বীকৃতিহীন কোনো দেশের আশ্রিত মানুষকে বহিষ্কার করা যাবে না।১৯৯৩ সালের মার্চে ছোট দুই ভাইসহ বাবা-মায়ের সঙ্গে রায়েদ কানাডার টরন্টোয় যান। ওই মাসেই তিনি শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু কানাডা সরকার তা প্রত্যাখ্যান করে। পরে রায়েদ ছাড়া পরিবারের অন্য সদস্যরা কানাডায় শরণার্থীর মর্যাদা পায়। এরপর আরও দুই দফায় রায়েদের আবেদন প্রত্যাখ্যান করা হয়। ২০০৪ সালে পাঁচ হাজার ডলারের একটি প্রতারণার অভিযোগে রায়েদকে গ্রেপ্তার করে কানাডার পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি স্কুলবাসের চালক হিসেবে কাজ শুরু করেন।ট্রেনে হামলার পরিকল্পনার ঘটনায় গ্রেপ্তার হওয়া অন্য সন্দেহভাজন চিহেব ইয়েগহায়ের মাত্র দুই সপ্তাহ আগে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে জানা গেছে। নিউইয়র্কের একটি গবেষণা কনফারেন্সে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। চিহেবের বাবা প্রশ্ন তুলেছেন, তাঁর সন্তান সন্ত্রাসী হলে কী করে তাকে ভিসা দেওয়া হয়েছে।