রিগ্যানের ভক্ত ছিলেন থ্যাচার!
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একজন ভক্ত ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের থ্যাচার সংগ্রহশালায় পাওয়া রিগ্যানের কয়েকটি হিজিবিজি আঁকা ছবির একটি কাগজই এমন খবরের জন্ম দিয়েছে। কাগজটি খুব যত্নের সঙ্গেই আগলে রেখেছিলেন থ্যাচার।১৯৮১ সালে কানাডার অটোয়ায় গ্রুপ সেভেনভুক্ত (জি-৭) দেশের রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন চলাকালে একটি কাগজে ওই ছবি আঁকেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিগ্যান। সম্মেলন শেষে তিনি সেটি না নিয়েই চলে যান। তাঁর আসনে কাগজটি পড়ে থাকতে দেখেন থ্যাচার। পরে তিনি ওই কাগজটি নিয়ে তাঁর সংগ্রহে রাখেন। থ্যাচারের ব্যক্তিগত সংগ্রহশালার কিছু কাগজের সঙ্গে গত শনিবার এটিও প্রকাশ করা হয়।প্রখ্যাত ইতিহাসবিদ ও মার্গারেট থ্যাচার ফাউন্ডেশনের কর্মকর্তা ক্রিস কলিন্স বলেন, ব্যক্তিগত সংগ্রহশালায় অন্যান্য পছন্দের জিনিসের পাশাপাশি ওই কাগজটি অত্যন্ত যত্নে রেখেছিলেন থ্যাচার। কারণ, তিনি রিগ্যানের কাজকে প্রাধান্য দিতেন।