রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাই জটিল হয়ে উঠছে
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি ও পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরামের মধ্যে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দলের প্রাথমিক বাছাইয়ে পাঁচটি অঙ্গরাজ্যে জিতেছেন রমনি। তিনটিতে পর পর জিতেছেন স্যান্টোরাম। এ অবস্থায় ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মিশিগান অঙ্গরাজ্যের বাছাইকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকেরা। একই দিন অ্যারিজোনা অঙ্গরাজ্যেও প্রার্থী বাছাইয়ের ভোট হবে। মিশিগান রমনির নিজের অঙ্গরাজ্য। এতে তিনি জিততে না পারলে রিপাবলিকান প্রার্থিতা বাছাই অনেকটা অনিশ্চয়তার আবর্তে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কাজেই মিশিগানের বাছাই তাঁর জন্য এক ধরনের অগ্নিপরীক্ষা বলা যায়। গত সপ্তাহে এই অঙ্গরাজ্যে একাধিক প্রতিষ্ঠানের জনমত জরিপের ফলাফলে দেখা গেছে, রমনির চেয়ে স্যান্টোরাম এগিয়েআছেন। তবে সমকামিতা ও গর্ভপাতসহ কিছু বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি ও নীতি অনেকেই সমর্থন করেন না। মিশিগানে স্যান্টোরাম জয়ী হলে রিপাবলিকান সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়াবে। বিশ্লেষকেরা বলছেন, রক্ষণশীল সামাজিক নেতা হিসেবে স্যান্টোরাম যে কট্টর নীতির কথা তুলে ধরেছেন, তা হয়তো তাঁকে বাছাইয়ে জয়ী হতে সহায়তা করবে। কিন্তু সাধারণ নির্বাচনে কাজে আসবে না। রমনির বড় ঘাটতি হচ্ছে কট্টর সমর্থকদের সঙ্গে যোগাযোগের অভাব। অনেকের মনে এখন প্রশ্ন, বিত্তবৈভবের জোরে রমনি তাঁর প্রচারণা কতটা সফল করতে পারবেন। সম্প্রতি এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একজন বিশিষ্ট রিপাবলিকান সিনেটর বলেন, মিশিগানে রমনি হারলে নতুন একজন মনোনয়ন প্রত্যাশীকে দাঁড় করাতে হবে। মিশিগানে রমনি বড় হয়েছেন, সেখানেই তাঁর পরিবার। কাজেই ওই অঙ্গরাজ্যে হেরে গেলে বড় ধরনের ক্ষতি হবে তাঁর। তবে স্যান্টোরাম ও সাবেক স্পিকার ৩৫টি অঙ্গরাজ্যে হারবেন বলে তিনি মন্তব্য করেন। মিশিগানে জয় পেতে মরিয়া রমনি স্যান্টোরামের সমালোচনায় মুখর থাকছেন বিভিন্ন সমাবেশে। ২৪ ফেব্রুয়ারি ফোর্ড ফিল্ডে অর্থনীতি নিয়ে বড় ধরনের বক্তৃতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। রমনিকে টপকে যেতে স্যান্টোরামেরও চেষ্টার বিরাম নেই। তবে রমনির অর্থ ও সাংগঠনিক জোরের সঙ্গে টক্কর দিতে অনেক কাঠখড় পোড়াতে হবে তাঁকে। এএফপি।