রিপাবলিকানদের সঙ্গে ওবামার বৈঠক ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

বাজেট বরাদ্দ জটিলতা নিয়ে সৃষ্ট সংকট সমাধানে রিপাবলিকান দলের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠক ব্যর্থ হয়েছে। ফলে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রে তৃতীয় দিনের মতো বেশ কিছু সেবা খাতের কার্যক্রম বন্ধ থাকে। ‘শাট ডাউন’ নামের এই অচলাবস্থার জেরে গতকালও কাজ ও বেতনবঞ্চিত থাকেন কেন্দ্রীয় সরকারের অন্তত আট লাখ কর্মী।
এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ গত মঙ্গলবার রাতে আকর্ষণীয় পর্যটন স্থান ন্যাশনাল পার্কগুলো ও নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি খুলে দেওয়ার পক্ষে দুটি বিল পাস করেছে। তবে ডেমোক্র্যাটরা বলছেন, সিনেটে ওই বিলের অনুমোদন দেওয়া হবে না।
চলমান অচলাবস্থা নিরসনে ওবামা গত মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে রিপাবলিকান নেতাদের নিয়ে আলোচনায় বসেন। এতে যোগ দেন প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা জন বোয়েনার এবং উচ্চকক্ষ সিনেটের সংখ্যালঘিষ্ঠ দল রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককনেল। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।
আলোচনায় কোনো সমঝোতা না হওয়ার জন্য ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টি পরস্পরকে দোষারোপ করে। আলোচনা শেষে স্পিকার বোয়েনার সাংবাদিকদের বলেন, ওবামা আবারও বাজেট নিয়ে আলোচনা করার ব্যাপারে তাঁর অনিচ্ছা প্রকাশ করেছেন।
মার্কিন টেলিভিশন সিএনবিসিকে ওবামা বলেন, অচলাবস্থা নিরসনে রিপাবলিকানরা জরুরি বিল পাস এবং সরকারের ঋণসীমা ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন কোটি ডলার না করা পর্যন্ত বাজেটের বিষয়বস্তু নিয়ে তিনি আলোচনা করবেন না।
হোয়াইট হাউসের বৈঠক ব্যর্থ হওয়ায় জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে অচলাবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে ন্যাশনাল পার্ক, মহাকাশ গবেষণা সংস্থাসহ (নাসা) সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানের বেশির ভাগ কার্যক্রম বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্রে গত ৩০ সেপ্টেম্বর অর্থবছর শেষ হওয়ায় সংশ্লিষ্ট সেবা খাতগুলোতে নতুন অর্থবছরে বরাদ্দের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু রিপাবলিকানরা ঘোষণা করেন, ওবামার স্বাস্থ্যসেবা প্রকল্প এক বছর পিছিয়ে না দিলে তাঁরা বরাদ্দ-সংক্রান্ত নতুন বিলে সমর্থন দেবেন না। প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওবামার পক্ষে তাঁদের বাদ দিয়ে কোনো বিল পাস করা অসম্ভব। অন্যদিকে সিনেটে ওবামার দল ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় রিপাবলিকানরা চাইলে তাঁদের মতো করে কোনো বিল অনুমোদন করিয়ে নিতে পারেন না। এএফপি।