রুপালি পর্দায় আসছে ওবামার শৈশব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করা হচ্ছে। ইন্দোনেশিয়ার চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মাল্টিভিশন প্লাস ছবিটি তৈরি করছে। এর নাম লিটল ওবামা। বারাক ওবামার শৈশব জীবন তুলে ধরা হবে এ চলচ্চিত্রে। আগামী মাসে ওবামার ইন্দোনেশিয়া সফরকালে ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।ছবিতে ছোট্ট ওবামার চরিত্রে অভিনয় করছে মার্কিন কিশোর হাসান ফারুক আলী (১২)। নিউ মেক্সিকোর এ বালক এখন ইন্দোনেশিয়ায়। ছবির শুটিং নিয়ে রাজধানী জাকার্তার ১১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বান্দুংয়ে তার ব্যস্ত সময় কাটছে।ওবামার শৈশবের বন্ধু স্লামেত দিজানুয়াদি বলেছেন, ‘ওবামার মতোই হাসানের অঙ্গভঙ্গি। সে তাঁর মতো হাঁটতেও পারে।’ দিজানুয়াদির বরাত দিয়ে নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাকার্তায় বসবাসকালে তিনি ছিলেন ওবামার ঘনিষ্ঠ বন্ধু।ছোট্ট ওবামার জীবনধারা নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছয় থেকে দশ বছর পর্যন্ত মা ও ইন্দোনেশীয় সৎবাবার সঙ্গে জাকার্তায় থাকাকালে ওবামা কেমন ছিলেন মূলত তাই তুলে ধরা হবে ছবিতে। ছবিটির চিত্রনাট্যকার ড্যামিয়েন দিমাত্রা বলেছেন, ‘লিটল ওবামা’ বিশ্বনেতা ওবামাকে নিয়ে নয়। এটি শুধুই ওবামার শৈশবকাল নিয়ে তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘এখানে কোনো রাজনীতি নেই। এটি কেবলই একটি বালকের গল্প, শৈশবের গল্প। এতে থাকবে তার বন্ধুত্ব, পছন্দ ও অপছন্দ।’অভিনেতা হাসান আলী ইংরেজি ও ইন্দোনেশিয়ার ভাষায় সমান পারদর্শী। এ কারণে ওবামার চরিত্রে অভিনয় করার কাজটা তার জন্য আরও সহজ হয়েছে। শুটিংয়ের ফাঁকে হাসান বলেছে, ‘ওবামার চরিত্রে অভিনয় করাটা দারুণ ব্যাপার। প্রথমে একটু-আধটু লজ্জা পেয়েছি। পরে বিষয়টি স্বাভাবিক হয়ে গেছে। আসলে এমন এক ব্যক্তির চরিত্রে অভিনয় করছি, যিনি মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন।’ওবামার পুরোনো দুই বন্ধু দিজানুয়াদি ও ইউনিয়াদি মিলে হাসানকে প্রশিক্ষণ দিচ্ছেন। এই দুই সহোদরই ওবামার শৈশব সম্পর্কে হাসানকে দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁরা ছোট্ট ওবামার মানসিক দৃঢ়তা ও প্রজ্ঞা সম্পর্কে হাসানকে অবহিত করছেন। চিত্রনাট্যকার ড্যামিয়েন দিমাত্রা প্রেসিডেন্ট ওবামার জীবনী নিয়ে ওবামা আনাক মেনতেং নামে একটি বই লিখেছেন। এই ছবিটি সেই জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। চিত্রনাট্য লেখার পাশাপাশি দিমাত্রা ছবিটির সহপরিচালকের দায়িত্বও পালন করেছেন। টাইমস অব ইন্ডিয়া।