রুশ অস্ত্র ব্যবসায়ীকে ২৫ বছরের কারাদণ্ড দিলেন মার্কিন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মার্চেন্ট অব ডেথ’ খ্যাত রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্তর বাউতকে ২৫ বছরের কারাদণ্ডাদেশ ও দেড় কোটি ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রির চেষ্টার দায়ে তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।তবে রাশিয়া সাবেক সোভিয়েত কর্মকর্তা বাউতের বিরুদ্ধে এ রায়ের নিন্দা জানিয়েছে।নিউইয়র্কের একটি আদালত বাউতকে কারাদণ্ডাদেশ দেন। বাউত নব্বইয়ের দশকে সোভিয়েত কর্মকর্তা থাকার সময় কলম্বিয়ার বিদ্রোহীদের কাছে ভারী অস্ত্রশস্ত্র বিক্রির চেষ্টা করেন। মার্কিন পাইলটদের ওপর হামলা চালাতেই এই অস্ত্র বিক্রির চেষ্টা করেন তিনি। এ বিষয়টি প্রমাণিত হয়েছে।২০০৮ সালে থাইল্যান্ডের ব্যাংককে গ্রেপ্তার করা হয় বাউতকে। সেখানে দুই বছর কারাগারে থাকার পর তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। রায় ঘোষণার সময় কাঠগড়ায় দাঁড়ানো বাউত চিৎকার করে বলেন, মিথ্যা অভিযোগে তাঁকে কারাদণ্ডাদেশ দেওয়া হলো।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই দণ্ডাদেশের নিন্দা জানিয়ে একে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘সুস্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। বিবিসি।