রুশ পার্লামেন্টে পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি অনুমোদন
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক কৌশলগত পরমাণু অস্ত্র হ্রাস চুক্তি (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি—স্টার্ট) অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা। গতকাল শুক্রবার দুমায় ৩৫০-৫৮ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের সিনেটে ৭১-২৬ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। চুক্তিটি অনুমোদন লাভের মধ্য দিয়ে স্নায়ুযুদ্ধের সময়ের দুই বৈরী পরাশক্তির সম্পর্কোন্নয়ন আরও এক ধাপ এগিয়ে গেল। এ ক্ষেত্রে দেশ দুটির সম্পর্কোন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির জয় হলো। যুক্তরাষ্ট্রের সিনেট চুক্তিটি অনুমোদন দেওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। গত বৃহস্পতিবার রাতে ওবামাকে টেলিফোনে মেদভেদেভ বলেন, ‘বারাক, আরাম করুন।’ বড়দিনের ছুটি উপলক্ষে ওবামা এখন হাওয়াই দ্বীপে অবকাশ যাপন করছেন। মেদভেদেভ বলেন, চুক্তি অনুমোদনের মুহূর্তটি একটি ‘ঐতিহাসিক মুহূর্ত।’ উত্তরে ওবামা বলেন, দুই পক্ষের জন্যই এটি ‘উন্নয়নের বছর’।গতকাল টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ওবামার আরও এক দফা প্রশংসা করে মেদভেদেভ বলেন, ‘তিনি এমন এক বিশ্বনেতা, যিনি নিজের অঙ্গীকার রক্ষা করতে জানেন।’ মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্রের সিনেট এ চুক্তি অনুমোদন দিয়েছে বলে ওবামাকে স্বাগত জানাই।স্টার্ট চুক্তির লক্ষ্য পরমাণু অস্ত্রের সংখ্যা কমানো। নব্বইয়ের দশকের শুরুতে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা কমাতে দুই পক্ষ প্রথম এ চুক্তি সই করে। এক বছর আগে ওই চুক্তির মেয়াদ শেষ হয়।গত এপ্রিলে আবার নতুন করে স্টার্ট চুক্তি সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট মেদভেদেভ। চুক্তিটির অনুমোদন নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে কয়েক মাস ধরে তুমুল বিতর্ক হয়। বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা এ চুক্তি অনুমোদনের বিপক্ষে অবস্থান নেন। গত বুধবার ভোটে এ বিতর্কের অবসান হয়। দলীয় নেতাদের আপত্তি সত্ত্বেও বিরোধী রিপাবলিকান পার্টির ১৩ সিনেটর ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেন। চুক্তিটি ৭১-২৬ ভোটে অনুমোদন পায়।এ চুক্তির আওতায় দুই দেশই সাত বছরের মধ্যে পরমাণু অস্ত্রের সংখ্যা এক হাজার ৫৫০-তে নামিয়ে আনবে। সিনেটে ভোটের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে জানান, ‘বিশ্বের পরমাণু শক্তিধর দুুটি দেশের এ দায়িত্বপূর্ণ উদ্যোগের মধ্য দিয়ে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং পরমাণু অস্ত্রমুক্ত নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ার পথে আমাদের নেতৃত্ব আরও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।’” আর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের সংখ্যা কমিয়ে করা হবে ৭০০। তা ছাড়া, দুই দেশের কর্মকর্তারা একে অপরের পরমাণু স্থাপনাও পরিদর্শন করতে পারবে। এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইন।