রুশ প্রস্তাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য সামরিক হামলা এড়াতে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করতে বলেছে মিত্র রাশিয়া। সিরিয়া এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ওই রুশ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে কিছুদিন ধরে নিজ দেশ এবং বহির্বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে কোনো ক্ষেত্রেই আশানুরূপ সমর্থন পাচ্ছেন না। এমন প্রেক্ষাপটে তিনি সোমবার বলেন, রাশিয়ার ওই পরিকল্পনা ‘যদি বাস্তব হয়ে থাকে’, তবে তা আশাব্যঞ্জক।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সোমবার মস্কোতে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেমের সঙ্গে বৈঠকে তিনি মোয়াল্লেমকে রাসায়নিক অস্ত্রের মজুত আন্তর্জাতিক নিয়ন্ত্রণে হস্তান্তরের প্রস্তাব দেন।

রুশ পরিকল্পনা প্রকাশের পর সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, রাসায়নিক অস্ত্রের ব্যাপারে রাশিয়া ও সিরিয়া উভয় দেশ যে সংকেত দিয়েছে, তা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক অগ্রগতি। তবে ওবামা সিরিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিষয়টি বাতিল করছেন না।

রুশ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে: সিরিয়ার রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ গ্রহণ সংক্রান্ত রুশ প্রস্তাব সমর্থন করেছে চীন। সিরিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরানও রুশ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে সিরীয় বিদ্রোহীরা মন্তব্য করেছে, এটি বাশারকে রক্ষার কৌশল মাত্র। যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে। 

নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনছে ফ্রান্স: সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সেগুলো আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে আনতে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করবে। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়া এ কথা জানিয়েছেন। সিরিয়া শর্ত না মানলে ‘অত্যন্ত মারাত্মক’ পরিণতি ভোগ করার হুমকি প্রস্তাবে থাকবে বলে জানান লরাঁ ফাবিয়া।

সিরিয়া তার দেশের রাসায়নিক অস্ত্র ধ্বংসে রুশ প্রস্তাবে রাজি হওয়ার পর ফ্রান্স এই উদ্যোগ নিল।

সিনেট ভোটে বিলম্ব: মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রীড সোমবার জানিয়েছেন, ওবামাকে সিরিয়া বিষয়ে খোলামেলাভাবে ভাষণের সুযোগ  দিতে তিনি হামলা বিষয়ে ভোটাভুটি বিলম্বিত করছেন।  আজ বুধবার ওই ভোটাভুটি হওয়ার কথা ছিল। এএফপি, বিবিসি ও সিএনএন।