রুশ বাহিনীতে ক্রিমিয়ার ডলফিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলফিন ও সিলকে প্রশিক্ষণ দিয়ে সামরিক কাজে লাগানোর সাবেক সোভিয়েত যুগের সেই কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।
চলতি মাসে ইউক্রেনের সাবেক স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়াকে নিজেদের করে নিয়েছে রাশিয়া। ক্রিমিয়ায় থাকা সামরিক ডলফিনও রুশ অধিবাসীতে পরিণত হয়েছে। ওই ডলফিনগুলো এখন রাশিয়ার হয়ে কৃষ্ণ সাগরে কাজ করবে।
রাশিয়ার কর্মকর্তাদের বরাতে দ্য হাফিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ক্রিমিয়ার সামরিক ডলফিনগুলোকে নতুন করে প্রশিক্ষণ ও ঢেলে সাজিয়ে রাশিয়ার নৌবাহিনীর অধীনে কৃষ্ণ সাগরে মোতায়েন করা হবে।
ডলফিনগুলো কিছুদিন আগেও ইউক্রেনের নৌবাহিনীর অধীনে ছিল। তারা এখন নতুন প্রভু পেয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের মনিব। তাঁর ইচ্ছায় সাগরে অস্ত্র ও ডুবন্ত জিনিসপত্র অনুসন্ধান এবং টহলের কাজ করবে তারা।
স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে ষাটের দশকে সামরিক ডলফিন প্রকল্প চালু হয়। তখন রাশিয়া ও ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওই প্রকল্পের নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়। আগামী মাসে প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল ইউক্রেন। তবে প্রকল্পটি অব্যাহত রাখতে আগ্রহী পুতিন।