রুশ-ভারত ৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বৈঠক হয়েছে। এ সময় দুই দেশের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলারের নতুন অস্ত্র চুক্তি হয়েছে। ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁরা পুরোনো মিত্র ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চান। রাশিয়া থেকে ৪২টি সুখোয় সু-৩০ যুদ্ধবিমান ক্রয়ের জন্য ভারত ১৬০ কোটি ডলারের একটি চুক্তিতে সই করেছে। এ ছাড়া ৭১টি মিল মি-১৭ সামরিক হেলিকপ্টার ক্রয়ের জন্য ১৩০ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে। গতকালই ভারত সফরে আসেন পুতিন। ভারতের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করাই তাঁর এ সফরে উদ্দেশ্যে। পুতিনের সফরসঙ্গীদের মধ্যে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সামরিক কর্মকর্তা রয়েছেন। চলতি বছরের মে মাসে আবার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই পুতিনের প্রথম ভারত সফর।মনমোহন সিং বলেন, বৈঠকে তাঁদের মধ্যে এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিসহ আফগানিস্তানের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর তিনি সাংবাদিকদের আরও বলেন, একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সন্ত্রাসবাদমুক্ত আফগানিস্তান গঠনের লক্ষ্য নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।রাশিয়ার অস্ত্রশিল্পের এক নম্বর ক্রেতা হচ্ছে ভারত। বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ। আর দেশটির ৭০ ভাগ অস্ত্র সরবরাহ করে রাশিয়া। সাধারণত প্রধানমন্ত্রীর সঙ্গে এ ধরনের বৈঠক ইন্ডিয়া গেটের কাছে হায়দরাবাদ হাউসে হয়ে থাকে। কিন্তু এক মেডিকেলছাত্রীর গণধর্ষণের ঘটনায় নয়াদিল্লিতে বিক্ষোভ অব্যাহত থাকায় বৈঠকের স্থান পরিবর্তন করে প্রধানমন্ত্রীর বাসভবনে করা হয়। এএফপি ও এপি।