রুশ-মার্কিন বিরোধে চীনের ফায়দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন নিয়ে বিরোধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রেক্ষাপটে এশিয়ার ভৌগোলিক বিরোধপূর্ণ এলাকা থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি এখন ইউরোপে। তবে এশিয়ার ভূ-রাজনৈতিক সংকটকে খুব বেশি দিন আড়াল করতে পারবে না ইউক্রেন-সংকট। এমনকি ইউক্রেন নিয়ে চলমান রুশ-মার্কিন বিবাদে ভূ-রাজনৈতিকভাবে স্পষ্টত লাভবান হবে চীন।

সম্প্রতি জাপান টাইমস পত্রিকায় প্রকাশিত ভূ-কৌশল বিশেষজ্ঞ ব্রহ্মা চ্যালানির এক নিবন্ধে এ মতামত ব্যক্ত করা হয়েছে।

ওই নিবন্ধে বলা হয়, পূর্ব ও দক্ষিণ চীন সাগর এবং অরুণাচল প্রদেশে কিছু কৌশলগত বিরোধপূর্ণ অঞ্চল রয়েছে। চীন ঐতিহাসিকভাইে একই সুরে দাবি করে আসছে যে, এশিয়ার অন্য দেশগুলো তাদের ভূখণ্ড ও জলভাগ দখল করে রেখেছে। এই দাবির পক্ষে শক্তি প্রয়োগেরও হুমকি দিচ্ছে বেইজিং।

স্নায়ুযুদ্ধের সময় সবচেয়ে বেশি লাভবান হয়েছিল চীন। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান নতুন স্নায়ুযুদ্ধেও তাত্পর্যপূর্ণভাবে লাভবান হবে চীন। এই দ্বন্দ্ব চীনকে এশিয়ায় নিজেদের ভৌগোলিক প্রভাব বিস্তারে বিশাল সুযোগ করে দেবে।

এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ঐক্য জোরদার হলেও বাড়ছে রাজনৈতিক দূরত্ব। এটি এ অঞ্চলের জন্য একটি ব্যর্থতা। এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা রক্ষায় অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক ঐক্যও দরকার।

এশিয়ার ভূ-রাজনৈতিক ঝুঁকির বিষয়টি সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী ও ফিলিপাইনের প্রেসিডেন্টের মন্তব্য উঠে এসেছে। এ জন্য উভয় নেতা চীনকে দায়ী করেছেন।

আলোচনা নয়, শক্তির মাধ্যমে চীন ভৌগোলিক বিরোধের সমাধান করতে চায়। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্র বেশ সরব। মস্কোকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একঘরে করার হুমকি দিয়েছে ওয়াশিংটন। কিন্তু এশিয়ায় চীনের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নীরব।

শান্তি ও স্থিতিশীলতার পূর্বশর্ত অন্য দেশের ভৌগোলিক সীমানার প্রতি শ্রদ্ধা দেখানো। ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ এই নীতিকে চ্যালেঞ্জ করেছে। ইউরোপের এই সংকট এশিয়ায় নতুন করে ভৌগোলিক উত্তেজনা তৈরি করতে পারে।