
জেনেভা আলোচনায় সিরিয়ার অস্ত্র নিয়ে রুশ-মার্কিন মতৈক্য সংকট নিরসনের ‘প্রথম পদক্ষেপ’ বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জেনেভা আলোচনায় সিরিয়া সংকট সমাধানে একটি রূপরেখায় পৌঁছাতে সক্ষম হন। রূপরেখা অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সিরিয়া রাসায়নিক অস্ত্র মজুতের তালিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তর করবে। আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে এসব অস্ত্র ধ্বংস করা হবে। ওই রূপরেখা বাস্তবায়নে ব্যর্থ হলে সিরিয়ার ওপর অবরোধ আরোপের পথও খোলা রাখা হয়েছে।
রূপরেখা প্রসঙ্গে ফ্রান্সের প্যারিস-সাদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক কাতার আবু দিয়াব বলেন, ‘রুশ-মার্কিন মতৈক্য সিরিয়া সংকটের কোনো সমাধান নয়। সংকট সমাপ্তির প্রথম পদক্ষেপ মাত্র।’ তিনি বলেন, দেখা যাচ্ছে, সিরিয়ায় শোকাবহ ঘটনা ঘটেই চলেছে। এই মুহূর্তে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের দিকেই সবার মনোযোগ চলে গেছে।
আবু দিয়াব আরও বলেন, রূপরেখায় রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেওয়া বা ধ্বংস করার কথা বলা হয়েছে। কিন্তু সিরিয়ার সরকার ও বিদ্রোহী বা এর সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক-আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে মতদ্বৈধতা কীভাবে কমে আসবে, সে ব্যাপারে কিছু বলা হয়নি। জেনেভা আলোচনার রূপরেখা সিরিয়া সরকার পুরোপুরি বাস্তবায়ন করবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন আবু দিয়াব।
প্যারিসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের অলিভার লেপিক বলেন, ‘২০১৪ সালের প্রথম ছয় মাসেই সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার যে কথা আছে, তা “কল্পনা মাত্র”। স্বাভাবিক সময়েও রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে কয়েক বছর লেগে যাবে। বর্তমান পরিস্থিতিতে সময় আরও বেশি লাগবে।’
সিরিয়ার সরকার রূপরেখাকে স্বাগত জানালেও বিদ্রোহীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাই এই রূপরেখা দিয়ে কীভাবে সংকটের সমাধান সম্ভব, সেই প্রশ্ন থাকছেই।
বাশারবিরোধী জোটের সদস্য সামির নাসার বলেন, রূপরেখা নিয়ে তাঁরা সংশয়ে রয়েছেন। হত্যাকারীদের বিচারের আওতায় না আনলে জেনেভায় দ্বিতীয় আলোচনায়ও যোগ দেবেন না তাঁরা।
দামেস্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক বাসাম আবু আবদুল্লাহর মতে, জেনেভা রূপরেখার ফলে বাশার সরকার ভবিষ্যতে সমস্যা সমাধানে বড় ভূমিকা পালনের সুযোগ পেল। ওই রূপরেখার মাধ্যমে আসলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বৈধতা দেওয়া হলো।