রুশ-মার্কিন সম্পর্ক আরও তিক্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের দোনেৎস্কের গাব্রোভো গ্রামের কাছে মালয়েশিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স।
ইউক্রেনের দোনেৎস্কের গাব্রোভো গ্রামের কাছে মালয়েশিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ। ছবি: রয়টার্স।

পূর্ব ইউক্রেনে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত হয়ে ২৯৫ জন নিহত হওয়ার ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও তিক্ত হতে পারে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ মত দেওয়া হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, বোয়িং ৭৭৭ বিমানটিকে ভূমি থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিধ্বস্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এতে সন্দেহের তির ছোড়া হচ্ছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দিকে। অভিযোগ সত্যি হলে ইউরোপীয় মিত্রদের সঙ্গে মিলে রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞার খড়্গ নিয়ে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভূমি থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ভূপাতিত করার নেপথ্য শক্তিকে এখনো পাওয়া যায়নি। তবে এ ঘটনায় রাশিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্ক নেতিবাচক মোড় নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
তাঁদের মতে, বিমান বিধ্বস্তের ঘটনায়  শীতল যুদ্ধের পর রুশ-মার্কিন সম্পর্ক সবচেয়ে নেতিবাচক হতে পারে। ফল হিসেবে ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের দমনে ইউক্রেন সরকারকে সহায়তা দিতে উঠেপড়ে লাগতে পারে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কিছু লোক ভেবেছিল ইউক্রেনের কিছুই করার নেই। কিন্তু এখন তারা নিজেদের ভুলগুলো খুঁজে বের করছে।’
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কিছু কর্মকর্তা এবং দলনিরপেক্ষ বিশ্লেষকেরা বলেন, মালয়েশিয়ান বিমান ট্র্যাজেডি ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের বিষয়টিকে বিশ্বের নজরে আনবে। এতে করে বিচ্ছিন্নতাবাদীদের রসদ জোগানোয় রাশিয়ার মদদ দেওয়ার বিষয়টিও আলোচনায় আসবে। এটি পরিণতিতে শক্তিশালী কোনো নিষেধাজ্ঞায় রূপ নিতে পারে, যা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। 

আবার বিমান দুর্ঘটনায় নিহত প্রায় ৩০০ ব্যক্তির মধ্যে অর্ধেকেরও বেশি নেদারল্যান্ডসের নাগরিক। এ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত দেশগুলোর নাগরিকও আছেন অনেক। এ ঘটনায় রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে ইইউর পক্ষ থেকে।
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের অনিচ্ছাকৃত ফল ভোগ করতে পারেন। আর এটি ভেবে তিনি ইউক্রেন সংকট নিরসনে কাজ করতে পারেন।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের ফেলো স্যাম চারাপ বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা ইউক্রেন-সংকট নিরসনে ভূমিকা রাখতে রাশিয়াকে তাড়িত করবে। তিনি বলেন, পুতিন এটি না চাইলেও পরিস্থিতি মোকাবিলায় তাঁকে তা করতে হতে পারে।
বিপরীত মতও আছে। সেটি হলো, পশ্চিমা শক্তির কাছে মাথা নত না করে রুশপন্থী বিদ্রোহীদের প্রতি সমর্থন বাড়িয়ে দিতে পারেন পুতিন। তবে এ সবকিছুই নির্ভর করছে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ এবং এ ঘটনায় রুশপন্থী বিদ্রোহীরা জড়িত আছে কি না, তা নিশ্চিত হওয়ার পর।