রুশ রকেট সাগরে বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট বহনকারী রাশিয়ার একটি রকেট উৎক্ষেপণের পরপরই সাগরে বিধ্বস্ত হয়েছে। উৎক্ষেপণের মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরে ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।জেনিত-৩এসএল নামের রকেটটি হাওয়াই দ্বীপের দক্ষিণে একটি ভাসমান প্যাড থেকে পরিচালনা করা হচ্ছিল। আর ইনটেলস্যাট-২৭ নামের স্যাটেলাইটটি আটলান্টিক মহাসাগরের ওপরে স্থাপন করার কথা ছিল। ইনটেলস্যাট-২৭-এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তথ্য সরবরাহই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।রকেট উৎক্ষেপণ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সি লঞ্চ এ জি ঘোষণা দিয়েছে, দুর্ঘটনা তদন্তে তারা একটি রিভিউ বোর্ড গঠন করবে। প্রতিষ্ঠানটির প্রধান কেজেল কার্লসেন এক বিবৃতিতে বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা হতাশ। আমাদের গ্রাহক, ইনটেলস্যাট ও তাদের মহাকাশযান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে ইনটেলস্যাট, বোয়িংসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আমরা কাজ করছি। অপ্রত্যাশিত এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সম্ভাব্য সবকিছু করব আমরা।’সি লঞ্চের মালিকানা রাশিয়ার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সংস্থার। সুইজারল্যান্ডের বার্নে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। এই সংস্থাটির নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হচ্ছে এনার্জিয়া ওভারসিস লিমিটেড। বিবিসি।