রুশদিকে আমন্ত্রণ ভারত সফর বাতিল করলেন ইমরান
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান তাঁর আসন্ন ভারত সফর বাতিল করেছেন। একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির সম্ভাব্য উপস্থিতির বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার আকস্মিক এই সিদ্ধান্ত নেন ইমরান।ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক বিবৃতিতে বলা হয়, ‘তিনি সালমান রুশদির সঙ্গে একই অনুষ্ঠানে যোগদানের কথা চিন্তাও করতে পারেন না। কারণ বিশ্বের মুসলিমদের অনুভূতিতে অপরিমেয় আঘাত দিয়েছেন রুশদি।’ আগামীকাল শুক্রবার নয়াদিল্লির ইন্ডিয়া টুডে কনক্লেভে অনুষ্ঠেয় এক আলোচনা সভায় ইমরান খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে রুশদি বক্তব্য দেবেন বলে ঘোষণা করেন আয়োজকেরা। মুসলিম ধর্মের অবমাননার অভিযোগে ভারত ও পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে সালমান রুশদির উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস। রুশদিকে হত্যার জন্য ১৯৮৯ সালে ফতোয়া দিয়েছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি। এএফপি।