রুশদির ভারত সফর ঘিরে ভোটের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদির জয়পুর সাহিত্য উৎসবে যোগ দেওয়াকে কেন্দ্র করে ভোটের রাজনীতির বিষয়টি আবার সামনে চলে এসেছে। কেন্দ্রীয় সরকার রুশদিকে ভারত সফরের অনুমতি দিলেও এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কেন্দ্রকে চাপ দিচ্ছে রাজস্থান কংগ্রেস। অন্যদিকে ভারতের দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মাওলানারা রুশদিকে ভারত সফরের অনুমতি দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গত মঙ্গলবার এই ইস্যুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে দেখা করেছেন। রুশদির সফরে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী গেহলটকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশদির পিআইও কার্ড (ভারতীয় বংশোদ্ভূত) থাকায় কেন্দ্রীয় সরকার তাঁকে ভারতে প্রবেশে বাধা দিতে পারে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজস্থান সরকারের।বিশ্লেষকেরা বলছেন, সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। রুশদির রাজস্থান সফর ঠেকাতে কংগ্রেসের নেতাদের এই তোড়জোড়ের পেছনে আছে মূলত ভোটের রাজনীতি। মুসলমান ভোট ব্যাংককে নির্বাচনের আগে অসন্তুষ্ট করতে চান না তাঁরা।