রুশনারার বিপুল বিজয়

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ৭ মে অনুষ্ঠিত এই নির্বাচনে রুশনারা ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ম্যাথিও স্মিথ পেয়েছেন আট হাজার ৭০ ভোট। গ্রিন পার্টির অ্যালিস্টেয়ার পলসন চার হাজার ৯০৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
গতবারের নির্বাচনে (২০১০ সাল) বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের একই আসনে লেবার পার্টির এমপি নির্বাচিত হন রুশনারা। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে।
গতবার প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন অক্সফোর্ড-পড়ুয়া উদীয়মান রাজনীতিক রুশনারা। এবার ২৪ হাজারের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।
রুশনারা সিলেটি কন্যা। জন্ম বিশ্বনাথে। ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা প্রথমবার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা-বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করেন।