পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটিতে ইউক্রেন সরকারের ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু হয়েছে। রাশিয়া এর প্রতিক্রিয়ায় বলেছে, এই সামরিক অভিযান ইউক্রেন সংকট সমাধানে গত মাসে সম্পাদিত জেনেভাচুক্তির ‘শেষ আশাও হত্যা করেছে’।
ইউক্রেনের সরকারি বাহিনীর দমন অভিযানের মধ্যে পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরে বন্দুকধারীরা গতকাল শুক্রবার অন্তত দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এ ঘটনায় পাইলটসহ দুজন নিহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানায়, রুশপন্থী বিদ্রোহী বন্দুকধারীরা এমআই-২৪ মডেলের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে একজন পাইলট ও একজন সেনাসদস্য নিহত হওয়ার পাশাপাশি আরেকজন পাইলট হামলাকারীদের হাতে আটক হয়েছেন।
ইউক্রেনীয় বাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি হেলিকপ্টারের ওপর মানুষের পক্ষে বহন করা সম্ভব এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তার অর্থ হচ্ছে, ‘প্রশিক্ষিত, উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি সামরিক বিচ্ছিন্নতাবাদীরা’ ওই এলাকায় সক্রিয় রয়েছে। সেখানে কেবল বন্দুকধারী স্থানীয় সাধারণ মানুষ সক্রিয় বলে রুশ সরকার যে দাবি করে আসছে, তা সত্য নয়।
রাশিয়ার সঙ্গে সংযুক্ত হতে আগ্রহী কিছু সশস্ত্র গোষ্ঠী পূর্ব ইউক্রেনের বেশির ভাগ শহরের সরকারি ভবনগুলো বেশ কিছুদিন ধরে দখল করে রেখেছে। স্লোভিয়ানস্ক শহর তাদের অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।
কিয়েভ অভিযোগ করে আসছে, রুশ সামরিক বাহিনীই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে। তবে মস্কো তা অস্বীকার করে আসছে। আল-জাজিরা ও বিবিসি।