রুশরা অকালে মরে ভদকায়
ভদকার প্রতি রুশদের টানের কথা সবার জানা। কিন্তু এ জন্য তাদের চড়া মূল্যও দিতে হয়। একদল গবেষক দাবি করেছেন, ভদকা পানের সঙ্গে রুশদের অকালে মারা যাওয়ার ঝুঁকির সম্পর্ক রয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহত্ আঙ্গিকের এ গবেষণাটি চিকিত্সাবিষয়ক বিখ্যাত ল্যানসেট জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণাটিতে দাবি করা হয়েছে, রুশদের অকালে মারা যাওয়ার ঝুঁকির অন্যতম কারণ ভদকা পান। অ্যালকোহল পানের কারণে ২৫ শতাংশ রুশ নাগরিক ৫৫ বছর বয়সের আগেই মারা যান। এ সংখ্যা যুক্তরাজ্যে ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রে ১ শতাংশেরও কম।
মস্কোর রাশিয়ান ক্যানসার সেন্টার, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকেরা ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় দেড় লাখ প্রাপ্তবয়স্ক রুশ নাগরিকের ওপর গবেষণাটি পরিচালনা করেন।
গবেষণায় অংশ নেওয়া রুশদের কাছে তাদের ভদকা পানের পরিমাণের বিষয়ে জানতে চাওয়া হয়। এরপর প্রায় এক দশক ধরে তাদের অনুসরণ করা হয়। এই সময়ে আট হাজার মানুষ মারা গেছে।
এ গবেষণায় দেখানো হয়েছে, সপ্তাহে তিন বা তার চেয়ে বেশি বোতল ভদকা পানকারী রুশদের মৃত্যুর ঝুঁকি ৩৫ শতাংশ বেশি।