রুহানিকে প্রেসিডেন্ট পদে অনুমোদন দিলেন খামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসান রুহানিকে গতকাল শনিবার ইরানের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ রোববার পার্লামেন্টে শপথ নেবেন রুহানি।মধ্যপন্থী নেতা রুহানি (৬৪) গত জুনে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করেন। গতকাল বিধি অনুযায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সভাপতিত্বে এক অনুষ্ঠানে তাঁকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের স্থলাভিষিক্ত হলেন রুহানি। শপথ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা ঘোষণার জন্য দুই সপ্তাহ সময় পাবেন তিনি।রুহানি নির্বাচনী প্রচারণা চলাকালে এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও পশ্চিমা বিশ্বের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু গত শুক্রবার ইসরায়েল সম্পর্কে তাঁর মন্তব্যের পর বিশ্লেষকদের অনেকে বলছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টও কম বিতর্কের জন্ম দেবেন না। শুক্রবার কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে রাজধানী তেহরানে এক জনসভায় রুহানি ইসরায়েলকে মুসলিম বিশ্বের ‘ক্ষত’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে এ ক্ষত অনেক বছর ধরে রয়েছে। ফিলিস্তিনি ভূমি দখলের ছায়াতলে এ ক্ষতচিহ্ন তৈরি হয়েছে।’ তাঁর এ মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শুক্রবার জনসমাবেশে প্রেসিডেন্ট হিসেবে শেষ ভাষণে বিদায়ী আহমাদিনেজাদ বলেন, ‘একটা ঝড় উঠছে। ওই ঝড়ে ইহুদি ভূমি (ইসরায়েল) উড়ে যাবে।’রুহানির পূর্বসূরি আহমাদিনেজাদ দুই দফায় আট বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে প্রায়ই ইসরায়েল সম্পর্কে কট্টর মন্তব্য করে চমক ও ক্ষেত্রবিশেষে উদ্বেগের সৃষ্টি করতেন। বিতর্কিত পারমাণবিক প্রকল্প অব্যাহত রাখার বিষয়ে আহমাদিনেজাদের কট্টর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়ে ইরান। দেশটির ওপর এ কারণে অর্থনৈতিক অবরোধ চলছে, যা অর্থনীতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। এএফপি ও বিবিসি।