রুহানিকে বিশ্বাস করা যায় না: নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রসহ বিশ্বকে সতর্ক করে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে বিশ্বাস করা যায় না। তিনি বিশ্বকে একবার বোকা বানিয়েছেন। আবারও সেটা করতে পারবেন বলে ভাবছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গত মঙ্গলবার দেওয়া ভাষণে এ কথা বলেন নেতানিয়াহু।
হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক বোমা তৈরি থেকে ইরানকে বিরত রাখতে প্রয়োজনে ইসরায়েল একাই ব্যবস্থা নেবে।
ইরানের নতুন উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি অনেকটা নমনীয় অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে টেলিফোনে আলাপও করেছেন, যা এক ঐতিহাসিক ঘটনা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী সতর্ককরে দিয়ে বলেন, পরমাণু শক্তিধর হয়ে পড়লে ইরান উত্তর কোরিয়ার চেয়ে ৫০ গুণ বেশি বিপজ্জনক হবে।
বিশ্বের যেসব দেশ ইরানের কৌশলগত অবস্থান পরিবর্তনের বিষয়টিকে স্বাগত জানিয়েছে, তাদের সতর্ক করে দেন নেতানিয়াহু। ওবামা সোমবার নেতানিয়াহুকে আশ্বাস দিয়ে বলেছেন, ইরানের ব্যাপারে সব ধরনের উদ্যোগই যাচাই করে দেখা হচ্ছে।
এদিকে নেতানিয়াহুর বক্তব্য ‘অত্যন্ত উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে ইরান। জাতিসংঘে দেশটির উপরাষ্ট্রদূত খোদাদাদ সেইফি বলেন, ‘নেতানিয়াহুর হিসেবে ভুল রয়েছে।’
রুহানিকে পার্লামেন্টের সমর্থন: ইরানের পার্লামেন্ট প্রেসিডেন্ট হাসান রুহানির কূটনৈতিক প্রচেষ্টাকে জোরালো অনুমোদন দিয়েছে। ফলে জাতিসংঘে গত সপ্তাহে তাঁর সফর এবং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক ফোনালাপ নিয়ে তৈরি সংশয় দূর হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি ও রয়টার্স।