রুয়ান্ডায় মার্কিন দূতাবাসে কঙ্গোর ‘যুদ্ধাপরাধী’ বসকো
কঙ্গোর সন্দেহভাজন যুদ্ধাপরাধী বসকো এনতাগান্দা গত সোমবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে মার্কিন দূতাবাসে নিজেকে সোপর্দ করেছেন।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁকে সোপর্দ করার জন্য আহ্বান জানিয়েছে। জেনারেল বসকোর বিরুদ্ধে ২০০৬ সালে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণ, জাতিগত অশান্তি সৃষ্টি ও শিশুদের যুদ্ধে ব্যবহারের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন বসকো। তিনি ২০০২ ও ২০০৩ সালে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে একটি মিলিশিয়া গোষ্ঠীর প্রধান ছিলেন। তখন থেকে তিনি দেশটির অন্য মিলিশিয়া গোষ্ঠী ও সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যান। তিনি এখন এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম নেতা বলে ধারণা করা হয়।জাতিসংঘ মনে করে, প্রতিবেশী রুয়ান্ডার সরকার এম-২৩ গোষ্ঠীকে মদদ দিয়ে আসছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রুয়ান্ডা। রোববার কঙ্গো সরকার জানায়, এম-২৩ গোষ্ঠীরই একটি পক্ষের সঙ্গে লড়াইয়ে পরাজিত হওয়ার পর জেনারেল বসকো রুয়ান্ডায় পালিয়ে যান।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করছি, বসকো সোমবার সকালে কিগালিতে মার্কিন দূতাবাসে আসেন। মানবাধিকার সংগঠনগুলো বসকোকে হেগে আইসিসির হাতে সোপর্দ করার দাবি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিংবা রুয়ান্ডা আইসিসিকে এখনো স্বীকৃতি দেয়নি। বিবিসি।