রূপরেখা মেনে অস্ত্র ধ্বংসের কাজ কঠিন
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতৈক্যে প্রণীত রূপরেখা অনুযায়ী সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রাথমিক কাজ শুরু হয়েছে। এ কাজ অসম্ভব না হলেও বেশ কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইতিমধ্যে এ কর্মসূচির কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। রূপরেখা অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করার কথা।
সিরিয়ার অস্ত্র ধ্বংসের দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ)। তাদের সংশ্লিষ্ট অস্ত্র পরিদর্শক দল ইতিমধ্যে সিরিয়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের কাজ প্রায় শেষ করে ফেলেছে। কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞদের মাধ্যমে রাসায়নিক অস্ত্র সংশ্লিষ্ট উপাদান বা সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
কিন্তু সিরিয়ার কাছে বেশ কিছু অস্ত্র আছে যেগুলো ধ্বংস করার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কাজে দক্ষ বিশেষজ্ঞ, বিশেষ সরঞ্জাম ও কারিগরি সহায়তার প্রয়োজন। এই কাজে প্রচুর অর্থেরও প্রয়োজন। ঝুঁকিপূর্ণ এই অস্ত্রগুলো ধ্বংসের কাজ রূপরেখা মেনে করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ফ্রান্সের গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের অলিভার লেপিক বলেন, ‘অস্ত্র ধ্বংসের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা পুরোপুরি অবাস্তব বলে মনে হয়। কারণ, শান্তিপূর্ণ সময়েই এমন অস্ত্র ধ্বংসের জন্য কয়েক বছর সময় লাগে। আর সিরিয়ায় চলছে পূর্ণমাত্রার গৃহযুদ্ধ।’
রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞ জাঁ পাসক্যাল জ্যান্ডার্স বলেন, এ ধরনের অস্ত্র ধংসের কাজে অনেক সময় বিশাল গর্ত করতে হয়, জ্বালানি ও প্রচুর পানির প্রয়োজন হয়। উচ্চ তাপমাত্রা ও বিস্ফোরণ নিয়ন্ত্রণের জন্য সমান মাত্রার কৃত্রিম বিস্ফোরণ ঘটাতে হয়।
সিরিয়ার কিছু অস্ত্র অন্য দেশে নিয়ে ধ্বংস করার কথাও ভাবা হচ্ছে। এ প্রসঙ্গে পাসক্যাল বলেন, রাসায়নিক অস্ত্র সনদ (সিডব্লিউসি) অনুযায়ী এ ধরনের কোনো অস্ত্র বা উপাদান কোনো অবস্থাতেই এক দেশ থেকে অন্য দেশে স্থানাস্তর করা যাবে না।
স্ক্যান্ডিনেভীয় দেশ নরওয়েতে পর্যাপ্ত পানির প্রাপ্যতার কথা বিবেচনা করে দেশটিতে অস্ত্র ধ্বংসের কথা বিবেচনা করছিল যুক্তরাষ্ট্র। নরওয়ে তা নাকচ করে দিয়েছে। এজন্য উপযুক্ত দেশ খুঁজে বের করে তাদের রাজি করানো এবং এ কাজে অর্থের জোগানের বিষয়টি বিবেচনা করতে হবে। আর এত কিছু করে নির্ধারিত সময়ের মধ্যে সব অস্ত্র ধ্বংস করা কঠিন হবে। এএফপি।