চীন ও ভারতের কর্মকাণ্ড এবং বৈশ্বিক মন্দার মধ্যেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণে দৃশ্যত কোনো অগ্রগতি না হওয়ায় চলতি বছর কার্বন ডাই-অক্সাইডের নির্গমন অতীতের রেকর্ড ভাঙবে। গত রোববার নতুন এক সমীক্ষায় এই আশঙ্কাজনক তথ্য প্রকাশ করা হয়েছে।গ্লোবাল কার্বন প্রজেক্ট (জিসিপি) নামের একটি আন্তর্জাতিক সংগঠনের প্রকাশ করা ওই সমীক্ষায় উল্লেখ করা হয়, বিদ্যুৎ উৎপাদনে প্রধানত কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহারে কার্বন নির্গমন এ বছর রেকর্ড পরিমাণ ৩৫ দশমিক ৬ বিলিয়ন (৩৫০০ কোটি ৬০ লাখ) টনে পৌঁছাবে। বৃদ্ধির এই হার গত শতকের নব্বইয়ের দশকের তুলনায় ৫৮ শতাংশ বেশি।জলবায়ুর উষ্ণায়ন নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সালে পরিবেশ বিজ্ঞানীদের অংশীদারিতে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। উষ্ণতা বৃদ্ধি নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত আতঙ্কজনক যেসব খবর বেরিয়েছে, সংগঠনটির সমীক্ষার এ তথ্য সেসবেরই সর্বশেষ হুঁশিয়ারি। কাতারের দোহায় বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন চলার মধ্যে এ তথ্য প্রকাশিত হলো। কোনো অগ্রগতি ছাড়াই ৭ ডিসেম্বর সম্মেলন শেষ হবে বলে মনে করা হচ্ছে।সমীক্ষার অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তি ও ব্রিটেনের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক কোরাইন লি কোয়েরে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিশেষত ১৩ বছর ধরে কার্বন নির্গমন বাড়ছে। এর পেছনে মুখ্য ভূমিকা রাখছে চীন। আর তার দেখাদেখি ভারত ও অপর কয়েকটি বৃহৎ রাষ্ট্রও নির্গমনে ভূমিকা রাখছে।কোয়েরে বলেন, যদিও ইউরোপীয় ইউনিয়নভুক্ত ধনী দেশগুলো ১৯৮০ সাল থেকে কার্বন নির্গমন কমিয়ে চলেছে এবং ২০০৫ সাল থেকে যুক্তরাষ্ট্রও এটি করছে, তার পরও এই হ্রাসের মাত্রা খুবই নগণ্য। কার্বন নির্গমন কমিয়ে আনায় সহায়ক এমন অর্থনীতি প্রতিষ্ঠায় ধনী দেশ বিশেষ মনোযোগী না হলে এবং চীন ও ভারত তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথে ভিন্নপন্থা অবলম্বন না করলে ওই প্রবণতা (২০০০ সাল থেকে নিঃসরণ বেড়ে চলা) ভবিষ্যতেও অব্যাহত থাকবে।কোরাইন লি কোয়েরে বলেন, এই প্রবণতা খুবই উদ্বেগজনক। জলবায়ু কোনো খেলনা সামগ্রী নয় যে এর সঙ্গে যা খুশি তা করা যাবে। বরং এর সঙ্গে বিরূপ আচরণ করলে এটিও পাল্টা সাড়া দেবে। বিবিসি ও হিন্দুস্তান টাইমস।