রেকর্ড ভেঙেছে জ্যাকসনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের গান নতুন এক রেকর্ড গড়েছে। ইন্টারনেট থেকে তাঁর গান ডাউনলোডের হার পৃথিবীর সব বিখ্যাত শিল্পীর রেকর্ড ছাড়িয়ে গেছে। এ ছাড়া তাঁর গান ভারতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। গতকাল রোববার জ্যাকসনের জন্মদিনে প্রকাশিত নতুন এক খবরে এ কথা বলা হয়েছে।নকিয়ার ওভি মিউজিক স্টোরের ডাউনলোডের তথ্যে বলা হয়, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একক শিল্পী হিসেবে জ্যাকসনের গান ডাউনলোডের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এক খবরে বলা হয়, সংগীত-বিশেষজ্ঞ জিওফ রবার্টস মনে করছেন, জন্মদিনের কারণে তাঁর জনপ্রিয়তা বেড়ে যেতে পারে। রবার্টস বলেন, ‘পপ মিউজিকে মাইকেল জ্যাকসন সব সময়ই লিজেন্ড। ’ভারতে জ্যাকসন খুবই জনপ্রিয়। দেশটিতে ইন্টারনেট থেকে ডাউনলোড করা গানের ২৬ শতাংশই জ্যাকসনের। যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড ও ফিনল্যান্ডের পরই ভারতের অবস্থান। ওভি মিউজিক স্টোরের খবরে বলা হয়, ১৯৮২ সালে জ্যাকসনের প্রকাশিত ‘বিট ইট’ গানটি জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছে। গতকাল জ্যাকসনের জন্মস্থান ইন্ডিয়ানার গেরির প্রিয় বাড়িটিতে জন্মদিন পালন করা হয়। গত বছর ২৫ জুন মৃত্যুর পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে জ্যাকসনের ৪০ লাখ গানের রেকর্ড বিক্রি হয়। একপর্যায়ে বিশ্বের শীর্ষ ২০টি গানের তালিকায় জ্যাকসনের ছয়টি গান স্থান করে নেয়। সংগীতের বিক্রির হিসাব রাখা প্রতিষ্ঠান নিয়লসেন সাউন্ডস্ক্যানের তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে জ্যাকসনের ৯০ লাখ গানের অ্যালবাম বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে এ অ্যালবাম বিক্রির পরিমাণ দুই কোটি ৪০ লাখ। বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া জনপ্রিয় ১৭টি গানের তালিকায় নয়টিই পপসম্রাটের। এর মধ্যে রয়েছে: ‘থ্রিলার’, ‘বিট ইট’ ও ‘বিলি জিন’। টাইমস অব ইন্ডিয়া।