রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতির আহ্বান মোদির
কংগ্রেসকে বিতাড়িত করতে রেকর্ডসংখ্যক ভোটার উপস্থিতির আহ্বান জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ৷ ভারতের লোকসভা নির্বাচনে আজ সোমবার অনুষ্ঠেয় শেষ ধাপে ভোট গ্রহণের প্রাক্কালে তিনি ভোটারদের প্রতি এই আহ্বান জানান৷
বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) প্রসঙ্গ টেনে মোদি বলেন, জনগণ চায় একটা সুন্দর ভবিষ্যৎ৷ আর এনডিএ হলো একমাত্র জোট, যারা জনগণের সেই চাওয়া পূরণ করতে পারে৷ তিনি বলেন, ‘শেষ ধাপের এই নির্বাচনে ভোট দিতে আমি সব ভোটারকে, বিশেষত তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি৷’
গত শনিবার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন৷ আর গতকাল রোববার ছিল রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া ও সভা করার শেষ দিন৷ এই পর্বে ৪১টি আসনে ভোট দেবেন ছয় কোটি ৬০ লাখ মানুষ৷
মোদি গত শনিবার তাঁর ব্লগে লেখেন, দুর্নীতি দেখতে দেখতে ও মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে মানুষক্লান্ত৷ গান্ধী পরিবারের প্রতি ইঙ্গিত করে মোদি লেখেন, শুধু একজন মানুষের ব্যর্থতা ঢাকতে তাঁরা একই রেকর্ড বারবার বাজাচ্ছে৷ এএফপি৷