রেলমন্ত্রীর অপসারণে অনড় মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর অপসারণের ব্যাপারে অনড় অবস্থান ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মুকুল রায়ই হবেন পরবর্তী রেলমন্ত্রী। কেন্দ্রীয় জাহাজবিষয়ক প্রতিমন্ত্রী মুকুল রায়সহ আরও তিনজনের পক্ষ থেকে রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন।মমতা বলেন, ত্রিবেদীর বদলে তাঁর দলের মনোনীত অপর প্রার্থী মুকুল রায়কে রেলমন্ত্রী করার ব্যাপারে তিনি যে আবেদন করেছেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদক্ষেপ নেওয়ার এখনই সময়।মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার যা বলার বলে দিয়েছি। এখন সরকার সিদ্ধান্ত নেবে। রেলমন্ত্রীর পদে মুকুল রায়ই হবেন আমাদের প্রার্থী।’লোকসভার তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক (চিফ হুইপ) কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল সকালে টেলিফোনে ত্রিবেদীকে রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। এর কিছুক্ষণ পরই মমতা এই বক্তব্য দেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই নির্দেশের জবাবে ত্রিবেদী বলেন, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতার কাছ থেকে চিঠি পেলেই তিনি পদত্যাগ করবেন, অন্যথায় নয়। কল্যাণ বন্দ্যোপধ্যায় সাংবাদিকদের বলেন, তিনি ত্রিবেদীকে সরাসরি জানিয়ে দিয়েছেন, দল আর তাঁকে চাইছে না। দল থেকে বাদ দেওয়ার আগেই তাঁর পদত্যাগ করা উচিত বলে তিনি ত্রিবেদীকে জানিয়েছেন।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন মমতা। ধারণা করা হচ্ছে, বৈঠকে মুকুল রায়কে ত্রিবেদীর স্থলাভিষিক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।রাজ্যসভায় দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দাখিল করা মুকুল রায়কে দলের ‘রাজকীয় সেনা’ অভিহিত করে মমতা বলেন, ‘ছয় বছর ধরে মুকুল রায় রাজ্যসভার সদস্য। আমরা তাঁকে আবার মনোনীত করেছি।’গত বুধবার রেল বাজেট পেশ করে দীনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়েন। বাজেটে রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হন মমতা। ওই দিনই মমতা ঘোষণা দেন, তিনি ভাড়া বাড়ানোর এই প্রস্তাব মানবেন না। রেলের ভাড়া বাড়াতেও দেবেন না।ওই দিন রাতেই মমতা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ত্রিবেদীকে অপসারণ করে তৃণমূল নেতা মুকুল রায়কে রেলমন্ত্রী করার প্রস্তাব পাঠান। ত্রিবেদী জানিয়ে দেন, রেল ও দেশের স্বার্থে তিনি আট বছর পর ভাড়া বাড়ানোর প্রস্তাব দেন।