রেলের সাফল্যই মূল পুঁজি মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জনজোয়ার বইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। রেলমন্ত্রী হিসেবে তাঁর সাফল্যকে তাঁর পক্ষে জনজোয়ারের মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে। ওই সাফল্যকেই এবারের নির্বাচনে মূল পুঁজি করেছেন মমতা। কংগ্রেস-তৃণমূলের নেতারা মনে করছেন, রেলমন্ত্রী হিসেবে মমতা এই রাজ্যে উন্নয়নের ধারায় যে নতুন দিগন্তের সূচনা করেছেন সেদিকটাই মানুষকে আকৃষ্ট করেছে।মমতা দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় রেলমন্ত্রী হয়েছেন ২০০৯ সালে। প্রথমবার রেলমন্ত্রী হন ২০০০ সালে। তখন ক্ষমতায় ছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। কিন্তু ২০০১ সালে এনডিএর সঙ্গে বনিবনা না হওয়ায় মমতা রেলমন্ত্রীর পদ ছেড়ে দেন। ২০০৪ সালে তিনি কয়লা ও খনিমন্ত্রী হিসেবে এনডিএ মন্ত্রিসভায় যোগ দেন। এরপর ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে মমতা আবারও এনডিএ ছেড়ে যান। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তাঁর দল মাত্র একটি আসন পায়। এরপর মমতা আবার ঝুঁকে পড়েন কংগ্রেসের দিকে। ২০০৯ সালে কংগ্রেসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লোকসভা নির্বাচনে লড়ে তাঁর দল। এরপর রেলমন্ত্রীর দায়িত্ব নিয়ে মমতা পশ্চিমবঙ্গে উন্নয়নের এক নতুন ধারার সূচনা করেন।তৃণমূলের এক নেতা প্রথম আলোকে বলেন, রেলমন্ত্রী হয়ে মমতা রেলে এনেছেন এক যুগান্তকারী বিপ্লব। দুই বছরে তিনি গোটা ভারতবর্ষে চালু করেছেন ২০০টি নতুন ট্রেন। রাজধানী এক্সপ্রেসের সমমানের গতিসম্পন্ন অথচ কম ভাড়ার দুরন্ত এক্সপ্রেস ট্রেন চালু করেছেন মমতা। কলকাতা থেকে আজমীর, হরিদ্বার ও অমৃতসরে যাওয়ার ট্রেন চালু করেছেন তিনি। দীঘা থেকে পুরী, দার্জিলিং থেকে দীঘার ট্রেন চালু করা হয়েছে। কলকাতায় লোকাল লেডিস স্পেশাল চালু করা হয়েছে। এ ছাড়া কলকাতায় চালু করা হয়েছে লোকাল ট্রেন। গড়া হয়েছে ২০০টি মডেল রেল স্টেশন। উন্নয়ন করা হয়েছে রেলের অবকাঠামোর। কবিগুরুর সার্ধশত জন্মবর্ষকে ঘিরে সংস্কৃতি এক্সপ্রেস, মাদার তেরেসার জন্মশতবর্ষে মাদার এক্সপ্রেস ইত্যাদি উদ্বোধন করা হয়েছে। পাতাল রেল টালিগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত বাড়ানো হয়েছে।এ ছাড়া আরও চারটি নতুন মেট্রো রেললাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হয়নি রেলের যাত্রী ভাড়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনের উন্নয়নসহ কম্পিউটারাইজড বুকিং কাউন্টার চালু করা হয়েছে। তাই এবার রেলের এই উন্নয়নকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট বলেছে মমতা রেলের উন্নয়নের জন্য যতগুলো স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তা করেছেন কেবল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে। এর অধিকাংশই ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। শুধু তাই নয়, নতুন নতুন স্টেশন উদ্বোধনের নামে লাখ লাখ টাকা অপচয় করেছেন মমতা। বামফ্রন্টের এই দাবিকে নাকচ করে মমতা বলেন, রাজ্যবাসী দেখেছে রেলের উন্নয়ন। সেই উন্নয়নকে মূল্যায়ন করে রাজ্যবাসী নিশ্চয়ই তৃণমূলকে ভোট দেবে।মমতার পক্ষের এই জোয়ারকে এখনো আমলে নিচ্ছে না শাসক জোট বামফ্রন্ট। বামফ্রন্ট বলেছে, বিধানসভার আগের প্রতিটি নির্বাচনেই এ ধরনের জনজোয়ার দেখা দেছে। ওই জনজোয়ার কখনো অবিভক্ত কংগ্রেস, কখনো তৃণমূল কংগ্রেস, আবার কখনো কংগ্রেস-তৃণমূল জোটের পক্ষে ছিল। কিন্তু ওইসব নির্বাচনের ফলাফলে জনজোয়ারের প্রতিফলন দেখা যায়নি।