রেস্তোরাঁ বটে!
ওই রেস্তোরাঁয় নতুন কেউ গেলে চমকে উঠবে। তাৎক্ষণিকভাবে মনে হবে, এ কোথায় এলাম রে! চারদিকে শৌচাগারের সব উপকরণ। কাচের টেবিলগুলোর দুই পাশে সাজানো দুটি করে চেয়ারে আরাম করে বসার জন্য নরম কুশন আছে বটে, কিন্তু প্রতিটি চেয়ার যেন হাই কমোড। রেস্তোরাঁর থালা-বাটি ও হাঁড়িকুড়িতেও শৌচাগারে ব্যবহার্য জিনিসের আদল।শৌচাগারের বিষয়টি মাথায় রেখে সাজানো এই রেস্তোরাঁ রয়েছে চীনে। ইয়ুনান প্রদেশের কুনমিংয়ে দুই সপ্তাহ আগে চালু হওয়া রেস্তোরাঁটির নাম মডার্ন টয়লেট রেস্টুরেন্ট। সাজসজ্জা ও খাবারে চমক সৃষ্টির মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করতে রেস্তোরাঁটি এমনভাবে সাজানো হয়েছে।রেস্তোরাঁটির মালিক জু লিয়াং বলেন, ‘যতটা আশা করেছিলাম, এর চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে রেস্তোরাঁ। বিশেষ করে, শিক্ষার্থীরা এই রেস্তোরাঁর খাবার চেখে দেখতে বেশি ইচ্ছুক।’ তিনি বলেন, রেস্তোরাঁটি চালু করার আগে এর সেবা কার্যক্রম নিয়ে জরিপ চালাই। জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে ২০ শতাংশ এই রেস্তোরাঁর গ্রাহক হওয়ার নিশ্চয়তা দিয়েছেন। ৬০ শতাংশ হ্যাঁ বা না স্পষ্টভাবে বলেননি। বাকি ২০ শতাংশ ছিলেন বিপক্ষে। তাঁর মতে, রেস্তোরাঁটির সেবায় নতুনত্ব রয়েছে বলেই তা গ্রাহকদের আকৃষ্ট করেছে।রেস্তোরাঁর গ্রাহক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইয়াং সিউয়েন বলেন, ‘আমি সেখানে প্রথমে গেছি শৌচাগার ভেবে। পরে দেখি এটা রেস্তোরাঁ। এরপর সেখানকার খাবার চেখে দেখতে ইচ্ছা হয়।’ এ পর্যন্ত ওই রেস্তোরাঁয় তিনি তিনবার খেয়েছেন বলে জানান। অরেঞ্জ অনলাইন, টাইমস অব ইন্ডিয়া।