মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংসতার কঠোর সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। গতকাল বুধবার সাপ্তাহিক প্রার্থনাসভায় মিয়ানমার কর্তৃপক্ষের সমালোচনা করেন পোপ।
পোপ ফ্রান্সিস বলেন, ‘রোহিঙ্গারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁরা নির্যাতন, হত্যার শিকার হচ্ছেন এ কারণেই যে তাঁরা তাঁদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে সেখানে বাস করতে চেয়েছেন।’ তিনি আরও বলেন, ‘তাঁদের মিয়ানমার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হচ্ছেন, কারণ কেউই তাঁদের চায় না। কিন্তু তাঁরা ভালো মানুষ, শান্তিপ্রিয় মানুষ। তাঁরা খ্রিষ্টান নন, তাঁরা ভালো মানুষ; আমাদের ভাইবোন।’
রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিবেদন প্রকাশের পর পোপ ফ্রান্সিস এসব কথা বললেন। জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলো রাখাইনে গণহত্যা, গণধর্ষণ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে।