রোখসানার 'অনার কিলিং'-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকসানা বিবি ও মোহাম্মদ ইউনূস
রোকসানা বিবি ও মোহাম্মদ ইউনূস

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের আকোরা খাতাক শহরের রোকসানা বিবি। বুকে, পায়ে ও নিতম্বে সাতটি গুলির ক্ষত নিয়ে বেঁচে আছেন কোনোমতে। তবে তাঁর বুকের ভেতর রয়েছে আরও গভীর ক্ষত, যার যন্ত্রণার কাছে শারীরিক যন্ত্রণা কিছুই নয়। পরিবারের ‘সম্মানহানি’ (অনার কিলিং) করেছেন বলে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে, সে আতঙ্ক এখন তাড়া করছে তাঁকে।

২০১১ সালের গ্রীষ্মকাল। এক বিয়েতে গিয়েছিলেন ১৮ বছরের রোকসানা। সেখানে গিয়ে দেখা হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে। প্রথম সাক্ষাতেই ২২ বছরের এই তরুণের প্রেমে পড়ে যান রোখসানা। এরপর আর তেমন দেখা হয়নি দুজনের। কিন্তু নিয়মিত কথা হতো মুঠোফোনে। এর মধ্যে রোখসানার পরিবার থেকে দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একই বছর আগস্টে ইউনুস ও রোখসানা পালিয়ে বিয়ে করে আশ্রয় নেন আকোরা খাতাক অঞ্চলের মাটির এক ঘরে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে দুচোখ দিয়ে জল পড়ছিল রোখসানার। তিনি বলেন, ‘সেদিন আমরা দুজন বিছানায় ঘুমিয়ে ছিলাম। আমি ঘুমের মধ্যেও পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। চোখ খুলে দেখি, আমার সামনে অস্ত্রধারী অনেকগুলো লোক। বুঝতে পারছিলাম, আমার জীবন আজ শেষ। আমি আমার স্বামীকে চিত্কার করে ডাকছিলাম।’

রোখসানার ভাষ্য, ‘প্রচলিত নিয়ম না মানার কারণে তারা প্রথমে আমাকে গুলি করল, এরপর আমার স্বামীকে। তারা এত গুলি ছুড়েছিল, মনে হচ্ছিল যেন কোনো বিস্ফোরণ ঘটেছে। রক্তে ভেসে যাচ্ছিলাম আমরা। আমি আমার স্বামীর কাছে যেতে পারছিলাম না। তাঁকে ডাকছিলাম। এক মুহূর্তের জন্য সে আমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করল।’

এর প্রায় ১৫ মিনিট পর কয়েকজন প্রতিবেশী এসে রোকসানাকে হাসপাতালে নিয়ে যান। আর সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এরপর এ ঘটনায় মামলা করেছেন রোকসানা।

প্রচলিত প্রথা অনুযায়ী পরিবারের সম্মতির বাইরে গিয়ে নিজের পছন্দে কোনো ছেলে-মেয়ে বিয়ে করলে বা কোনো ধরনের সম্পর্ক গড়ে তুললে সেই সম্পর্ককে পাকিস্তান ও আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় মেয়েটির পরিবারের ‘অনার কিলিং’ বলে মনে করা হয়। এর শাস্তি হিসেবে ওই মেয়ের পরিবারের প্রথমে মেয়েটিকে, এরপর ছেলেটিকে হত্যা করার অধিকার রয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রশাসনিক শহর কোহিস্তানে গত বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত এই অনার কিলিংয়ের সাতটি ঘটনার লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। এসব ঘটনায় ১০ জন নিহত হয়েছেন যাঁদের সাতজনই নারী।

কোহিস্তানের জেলা পুলিশ প্রধান আলি আকবর জানান, প্রতিটি থানার অধীনে ৭০-৮০ কিলোমিটার এলাকা রয়েছে। এর মধ্যে সব পাহাড় এবং গভীর উপত্যকায় পৌঁছাতে পুলিশের এক একটি দিন লেগে যায়। অনেক ক্ষেত্রে পুলিশ পৌঁছানোর আগে গ্রামবাসী অভিযোগ ওঠা এই ব্যক্তিকে বনে বা গুহার ভেতরে লুকিয়ে ফেলে।

আবার অনেক ক্ষেত্রে হত্যাকারী ও ভুক্তভোগীদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা বন্ধন রয়েছে, যা পুলিশের পক্ষে ভাঙা অসম্ভব।

বেশির ভাগ ক্ষেত্রে ওই নারীকে ‘কলঙ্কিনী’ আখ্যা দিয়ে মনে করা হয়, বাইরের সাহায্য নেওয়ার চেয়ে তাঁর মৃত্যুই শ্রেয়। এমনকি কিছু ক্ষেত্রে বাইরে সহায়তা সহজলভ্য হলেও তা এড়িয়ে যাওয়া হয়।

রোকসানার মতো অনেক নারীর জীবনে এমন ঘটনা ঘটলেও তাঁরা বেশির ভাগই অশিক্ষিত। এজন্য আইনি লড়াইয়ের বিষয়টি তাঁদের অজানা। তবে এখন সময় পাল্টেছে।

রোকসানা বিবি বলেন, ‘আমি একা নই। আল্লাহর ইচ্ছায় নতুন প্রজন্ম পরিবর্তন নিয়ে আসছে। তাদের শুধু আদালত ও সরকারের পক্ষ থেকে একটু সহযোগিতা দরকার।’ বিবিসি অবলম্বনে