রোগনির্ণয়ে ভুল, অতঃপর মামলা
রোগনির্ণয়কেন্দ্রের চিকিৎসকেরা গ্রাহাম লর্ডকে জানিয়েছিলেন তাঁর পাকস্থলীতে ক্যানসার হয়েছে। এটা জেনে তিনি তড়িঘড়ি করে চিকিৎসা নেওয়া শুরু করেন। সাত দফা কেমোথেরাপি দেওয়ার পর ওই অস্ট্রেলীয় জানতে পারেন, প্রাথমিক রোগনির্ণয় ভুল ছিল। এখন গ্রাহাম লর্ড সংশ্লিষ্ট রোগনির্ণয়কেন্দ্রের চিকিৎসকদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। লর্ড অভিযোগ করেন, সিডনির রয়্যাল নর্থ শোর হাসপাতালে যন্ত্রণাদায়ক চিকিৎসায় তাঁর ওজন ২০ কিলোগ্রাম কমে গেছে। এ ছাড়া ২০০৯ সালে বায়োপসি করানোর পর থেকে তিনি আর বসে খাবার খেতে পারেন না। ৫৯ বছর বয়সী লর্ডকে প্রথমে বলা হয়, তাঁর শরীরের একটি অংশে দ্রুত ক্যানসার ছড়িয়ে পড়ছে। এরপর তাঁকে সাত দফায় কেমোথেরাপি দেওয়া হয় এবং ২০১০ সালের জানুয়ারিতে তাঁর পাকস্থলীর বেশির ভাগ অংশ অপসারণ করা হয়। পরে চিকিৎসকেরা তাঁকে বলেন, অস্ত্রোপচার-পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরের টিস্যুতে ক্যানসারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয় ভুল হয়েছিল। লর্ড বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ক্যানসার ছিল না। ব্যাপারটি ছিল রীতিমতো বিপর্যয়কর। আমি এখনো রেগে আছি।’লর্ডের আইনজীবী আনা ওয়ালশ বলেন, রোগনির্ণয়ে ভুল ও অযথা কেমোথেরাপি দেওয়ার অভিযোগে তিনি স্থানীয় ওই রোগনির্ণয়কেন্দ্রের চিকিৎসকের বিরুদ্ধে ক্ষতিপূরণচেয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। এএফপি।