রোজ দুই কেজি ছাগলের মাংস চাই তাঁর
রোজ তাঁর দুই কেজি করে ছাগলের মাংস চাই। আরও চাই এক কেজি করে মুরগির মাংস। না পেলে অনশনে যাবেন তিনি। এভাবে নানা দাবি ও হুমকির মাধ্যমে পুলিশকে যিনি ঝক্কির মধ্যে রেখেছেন, তিনি হচ্ছেন আফগান নাগরিক গোলাম রসুল ওরফে খান মির্জা। ভারতের বিহার রাজ্যের পুর্ণিয়া জেলার ভেতর দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তালেবানের সঙ্গে জড়িত জঙ্গি সন্দেহে গোলাম রসুলকে দুই দিন ধরে পুর্ণিয়া কারাগারে আটক রাখা হয়েছে। তিনি একাধারে ভারতের বিভিন্ন অঞ্চলের কয়েকটি ভাষা জানেন বলে পুলিশকে জানিয়েছেন।পুর্ণিয়া কারাগারে গোলাম রসুলকে জিজ্ঞাসাবাদ করছেন এমন একজন পুলিশ কর্মকর্তা জানান, তিনি উর্দু, হিন্দি, মালয়ালাম, তেলেগু, কানাড়া ও ইংরেজি ভাষা জানেন। এমনকি তিনি ফারসি ভাষাও জানেন। ওই কর্মকর্তা আরও জানান, একসঙ্গে এত ভারতীয় ভাষা জানায় গোলাম রসুলের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা পাওয়া যায়। বিহারের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা কেউ একসঙ্গে দেশের এত ভাষা জানেন না। এর আগে কারাগারে গোলাম রসুলকে নিরামিষ খাবার দিলে তিনি তা খেতে ঘোর আপত্তি জানান। কর্মকর্তাদের গোলাম রসুল জানান, নিয়মিত মাংস খেয়ে তিনি অভ্যস্ত। জি নিউজ।