রোজা ও ঈদকে ঘিরে মুম্বাইয়ে উৎসবের ঢেউ
মুম্বাইয়ের মহম্মদ আলী রোডের ওপর নিরাপত্তার কড়া বলয় তৈরি করে বিশাল গাড়ির আনাগোনা গত তিন দিন আগে থেকেই শুরু হয়েছে। কোনোটিতে সঞ্জয় দত্ত তাঁর স্ত্রী মান্যতা ও বন্ধু-বান্ধবদের নিয়ে। আবার কোনোটাতে সালমান খান তাঁর পুরো পরিবারকে নিয়ে। আবার কোনোটাতে শাহরুখ খান বা অন্য কোনো বলিউডের তারকা। তবে এখন কেউই গাড়ি থেকে নেমে স্বস্তিতে ঈদ উপলক্ষে তৈরি মহম্মদ আলী রোডের বিশেষ সুস্বাদু খাবার খাওয়ার সাহস পান না। উৎসবমুখর মানুষের ঢল ঘিরে ধরে। তবে সেসবের তোয়াক্কা করলেন না বলিউডের নায়িকা দিয়া মির্জা। গত পরশু দিন রাতে গাড়ি থেকে নেমে সোজা ‘খাওগলি’তে (মুসলিম সম্প্রদায়ের নামী মিষ্টির দোকান) ঢুকে পড়লেন। যেমনটি একসময় করতেন দিলীপ কুমার, সায়রা বানু, রাজ কাপুর, সুনীল দত্ত ও নার্গিসেরা। সেই ঐতিহাসিক খাওগলিতে গিয়ে নানা ধরনের ফিরনি, মালপোয়া পেট ভরে খেলেন দিয়া মির্জা। তারপরই উধাও হয়ে গেলেন। শুধু দিয়া মির্জা নন, কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়ারাও রমজান মাসে রাতে মহম্মদ আলী রোডের সুস্বাদু খাবারের লোভ সামলাতে পারেন না।এ তালিকায় আছেন মুম্বাইয়ের ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাতের দিকে সুনীল গাভাস্কার, দিলীপ ভেঙ্গসরকার, রবি শাস্ত্রীরাও আসেন। তবে কাউকে না জানিয়েই। এসব জানালেন ফিরনি ও মালপোয়া বিক্রেতা মফিজুল ইসলাম। বস্তুত ঈদের কেনাকাটার জন্য মুম্বাইয়ে আজই মূলত ছিল শেষ দিন। তবে গতকাল বৃষ্টিকে উপেক্ষা করে উৎসবমুখর মানুষের ঢল নেমে পড়ে মুম্বাইয়ের মহম্মদ আলী রোড, বান্দ্রার লিংকিং রোডসহ মুম্বাইয়ের বেশ কিছু জায়গায়। জামা-কাপড় কেনাকাটার পাশাপাশি নানা পদের মুখরোচক খাবার থেকে শুরু করে সুস্বাদু মিষ্টির পসরা চোখে পড়ার মতো। এরই মধ্যে ভিড় জমতে শুরু করে বলিউডের তারকাদের আনাগোনায়। মুম্বাই পুলিশের সদর দপ্তর ক্রাফোর্ড মার্কেট থেকে শুরু। মহম্মদ আলী রোডের ফ্লাইওভার যেখান থেকে শুরু সেখানে নানা পদের খাবার নিয়ে বসেছেন বিক্রেতারা। রাস্তার ধারে দোকানের খাবার তো আছেই, তবে সবচেয়ে বেশি ভিড় শতাব্দী প্রাচীন মিষ্টির দোকান সুলেমান মিঠাইওয়ালা, বদ্রি মিঠাইওয়ালা ও ফকরি মিঠাইওয়ালার দোকানে। তিল ধারণের জায়গা নেই। সুলেমান মিঠাইওয়ালার অন্যতম কর্তা জানালেন, ফিরনি ও মালপোয়া এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে দুধ ও ফল দিয়ে তৈরি শির কোরমাও বেশ পছন্দ করছে সবাই, জানালেন কোয়াইদ নাজমি। তিনি আরও জানালেন, মুম্বাইয়ের মুসলমানদের প্রায় ২৫ শতাংশ শিয়া। তাদের ঈদ আজ। আর ৭৫ শতাংশ মুসলিম সুন্নি। মুম্বাইয়ের মোট জনসংখ্যা সোয়া কোটি। তার ২০ শতাংশেরও বেশি মুসলিম।গত পরশু থেকে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় ঘুরে একটাই জিনিস মনে হলো, রোজা বা ঈদের জন্য শহর জুড়ে যে উত্সব, তা আর শুধু মুসলমান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। সেখানে সব ধর্মের মানুষের ভিড়।