রোবটের ম্যারাথন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে হতে যাচ্ছে বিশ্বে প্রথমবারের মতো রোবটের ম্যারাথন প্রতিযোগিতা। ওই ম্যারাথনে অংশ নিতে যাওয়া চার ‘দৌড়বিদ’ চলতি সপ্তাহে জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় গণমাধ্যমের কর্মীদের সামনে অনুশীলন সেশনে অংশ নেয়।অনুশীলনে অংশ নেওয়া রোবটগুলোর মধ্যে তিনটি দুই পায়ের। ওই তিনটি ক্ষুদ্রাকৃতির রোবটের মধ্যে যেটি সবচেয়ে লম্বা, সেটির উচ্চতা মাত্র ১৬ ইঞ্চি। অপর রোবটটি চাকার সাহায্যে দৌড়ায়। ওই চারটি রোবট ক্যামেরার সামনে একটি ইনডোর ট্র্যাকে দৌড়ের অনুশীলন করে। রোবটগুলোকে ট্র্যাকে বেশ দ্রুতগতিতে দৌড়াতে দেখা যায়।২৪ ফেব্রুয়ারি ওই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া রোবটগুলোকে ২৬ মাইল পথ পাড়ি দিতে একটি ট্র্যাকে ৪২২ বার দৌড়াতে হবে। দৌড় শেষ করতে প্রায় চার দিন সময় লেগে যেতে পারে। ম্যারাথন চলাকালে রোবটগুলোর ব্যাটারি পরিবর্তনের সুযোগ দেওয়া হবে এবং যদি মেরামতের দরকার হয়, সেই সুযোগও দেওয়া হবে। কিন্তু দৌড়ানোর সময় যদি কোনো রোবট পড়ে যায়, তাহলে তাকে নিজের চেষ্টায় উঠে দাঁড়াতে হবে।জাপানি টেলিভিশন টিবিএস জানায়, চারটি রোবটই তৈরি করেছে ওসাকা ইনস্টিটিউশন অব টেকনোলজি অথবা রোবট তৈরির ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ভিস্টোন নামের একটি কোম্পানি। টেলিগ্রাফ।