রোবটের সহায়তায় অস্ত্রোপচারে ব্যয় বেশি, ঝুঁকি কম
রোবটের সহায়তায় কিডনি ও প্রোস্টেটে অস্ত্রোপচারে খরচ বেশি হলেও রোগীদের হাসপাতালে থাকতে হয় কম সময়। এ ক্ষেত্রে রোগীর মৃত্যু বা শরীরে রক্ত সঞ্চালনে জটিলতার ঝুঁকিও কম থাকে। এক গবেষণায় এ তথ্য পাওয়ার দাবি করেছেন একদল গবেষক।জার্নাল অব ইউরোলজি-তে প্রকাশিত বিশ্লেষণমূলক এই প্রতিবেদনে বলা হয়, রোবটিক পদ্ধতিতে অস্ত্রোপচারের ব্যয় অন্যান্য পদ্ধতির চেয়ে বহুগুণ বেশি। তবে রোবটিক অস্ত্রোপচার অধিক কার্যকর ও কম ঝুঁকিপূর্ণ। গবেষণায় নেতৃত্ব দেন বোস্টনের ব্রিগহ্যাম অ্যান্ড উইমেনস হসপিটালের চিকিৎসক জিম হু। তিনি বলেন, অন্যান্য পদ্ধতির চেয়ে রোবটিক অস্ত্রোপচারে বেশ কিছু সুবিধাজনক দিক রয়েছে।গবেষণার জন্য অস্ত্রোপচারসংক্রান্ত সরকারি উপাত্ত সংগ্রহ করা হয় এবং অস্ত্রোপচারের পুরোনো বিভিন্ন পদ্ধতির সঙ্গে রোবটিক পদ্ধতির তুলনা করে দেখা হয়। রোবটিক পদ্ধতিতে অস্ত্রোপচারকালে রোগীর শরীরের এক বা একাধিক স্থানে ফুটো করে ছোট্ট ভিডিও ক্যামেরা স্থাপন করা হয়। এই পদ্ধতিতে শল্যচিকিৎসকের হাতের পরিবর্তে বিশেষ যন্ত্রপাতি বা যান্ত্রিক হাতের মাধ্যমে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন একজন শল্যচিকিৎসক।প্রোস্টেট অপসারণে ২০০৮ সালের শেষ তিন মাসে মোট যত অস্ত্রোপচার হয়, এর অর্ধেকই হয়েছে রোবটিক পদ্ধতিতে। ওই রোগীদের প্রায় ৩ শতাংশের ল্যাপারোস্কোপিক ও ৪৪ শতাংশের উন্মুক্ত অস্ত্রোপচার করা হয়। কিডনি প্রতিস্থাপন ও প্রোস্টেট অপসারণে ওই দুই পদ্ধতির অস্ত্রোপচারের প্রচলন এখনো বেশি। রয়টার্স।