রোববার বাংলাদেশসহ কয়েকটি দেশে মার্কিন দূতাবাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞাত উৎস থেকে পাওয়া নিরাপত্তা হুমকির মুখে আগামী রোববার বাংলাদেশসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেশির ভাগ দেশই মধ্যপ্রাচ্যের। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, রোববার যেসব দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট খোলা থাকে, তাদের ওই দিন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে ৪ আগস্ট। এমনকি প্রয়োজন হলে এই বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে।

বিশ্বের অন্যান্য অংশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যালয়গুলো রোববার বন্ধ থাকলেও মুসলিম বিশ্বে রোববার ‘কার্যদিবস’ হিসেবে পরিগণিত হয়। তাই ওই দিন মুসলিম বিশ্বের দেশগুলোতে কূটনৈতিক কার্যালয়গুলো খোলা থাকে।

কানাডার সম্প্রচার সংস্থা সিবিসির খবরে বলা হয়, দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার এই নির্দেশনা বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গত বছরের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা।