রোববার ১০ হাজার পুলিশ নামবে ব্যাংককে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে রোববারের ভোট নির্বিঘ্ন করতে রাজধানী ব্যাংককে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হবে। নির্বাচন ভন্ডুল করার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ফলে সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।
প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি বয়কট করা সত্ত্বেও পূর্বঘোষিত সময় অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকার। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা গত মঙ্গলবার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন।
ব্যাংকক পোস্ট-এর এক খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর নির্বাচন কমিশনের (ইসি) সদস্য সোমচাই সুথিয়াকরণ ও অন্তর্বর্তী উপপ্রধানমন্ত্রী ফংথেপ থেপকানছানা বলেন, দুই পক্ষের আলোচনায় সমঝোতা হয়নি। তাই নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব নয়।
তবে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটির খবরে বলা হয়, সাংবিধানিক আদালত নির্বাচন বাতিলের আদেশ দিতে পারেন।
শ্রমমন্ত্রী চালের্ম ইউবামরুং গতকাল বুধবার বলেন, ‘রোববার ঘর থেকে বেরিয়ে এসে ভোটাধিকার প্রয়োগের জন্য আমি ব্যাংককের বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকবে পুলিশ। আর যাঁরা ওই দিন সকালে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার মতলব আঁটছেন, তাঁদের দ্বিতীয়বার ভেবে দেখতে বলি। কারণ, পুলিশ তা করতে দেবে না।’
গত রোববার আগাম ভোট নেওয়ার সময় বিক্ষোভকারীরা অধিকাংশ কেন্দ্রে ভোটারদের যেতে দেননি। ফলে সব কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
থাইল্যান্ডে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের দাবিতে গত বছরের নভেম্বর থেকে চলা বিক্ষোভের সময় সংঘর্ষ ও হামলায় ইতিমধ্যে ১০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিক্ষোভকারীদের শান্ত করতে গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইংলাক। কিন্তু বিক্ষোভকারীরা এ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। তাঁদের দাবি, সংস্কারের আগে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইংলাককে পদত্যাগ করে একটি ‘গণপরিষদের’ কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রয়টার্স ও বিবিসি।