রোমাদের উচ্ছেদের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাযাবর রোমা সম্প্রদায়ের লোকদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ফ্রান্সে গতকাল শনিবার দেশজুড়ে বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়। স্থানীয় সময় দুপুর দুইটা থেকে এ বিক্ষোভ শুরু হয়। বর্ণবাদবিরোধী সংগঠনগুলো জানিয়েছে, শুধু রাজধানী প্যারিসেই ৩০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে যোগ দেয়।গত মাসে ফ্রান্স থেকে এক হাজার রোমাকে রোমানিয়া ও বুলগেরিয়ায় পাঠিয়ে দিয়েছে ফরাসি সরকার। এ ছাড়া গত এক বছরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় ১১ হাজার রোমাকে। ফরাসি সরকারের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে জনমত জরিপ অনুযায়ী, দেশের অর্ধেকের বেশি মানুষ সরকারের এই পদক্ষেপকে সমর্থন করে।গতকালের বিক্ষোভের আয়োজন করে লিগ অব হিউম্যান রাইটস। তাঁরা জানিয়েছে, বিদেশিদের সম্পর্কে সরকারের এই অহেতুক ভীতির প্রতিবাদ এবং ফ্রান্সে রোমাদের বিরুদ্ধে সরকারের এই অবিচারের প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ ডাকা হয়েছে।বিরোধী সোশালিস্ট পার্টি এবং ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন জেনারেল কনফেডারেশন অব লেবার এই প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন দিয়েছে।সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি জোরদারের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। এরই অংশ হিসেবে রোমাদের উচ্ছেদে গত মাস থেকে জোর প্রচারণা শুরু করে সরকার।গত জুলাইয়ের মাঝামাঝি গ্রিনোবেল এলাকায় সংঘর্ষের সময় অস্ত্র চুরির অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গুলি করে। ওই ঘটনার পরদিন চেকপোস্টে না থামায় পুলিশ এক রোমাকে গুলি করে হত্যা করে। এরপর একটি পুলিশ স্টেশনে হামলা চালায় রোমারা। বিবিসি।