রোহিঙ্গা-সংকটে জাতিসংঘের উদ্বেগ
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা গতকাল মঙ্গলবার মিয়ানমারের ‘ক্রমবর্ধমান মানবিক সংকটে’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সে দেশে চলমান জাতিগত দাঙ্গা থেকে বাঁচতে পলায়নরত মানুষের জন্য সীমান্ত খুলে দিতেও প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।ইউনাইটেড নেশনস হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর) এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, ‘সম্প্রতি বঙ্গোপসাগরে সংঘটিত দুটি নৌ-ট্র্যাজেডিতে সংস্থা বিশেষভাবে উদ্বিগ্ন।’ ওই দুটি ঘটনায় অনেক মানুষ নিখোঁজ রয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমারে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে ইউএনএইচসিআর দেশটির প্রতিবেশীদের প্রতি এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।’মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের হামলায় গত জুন থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৮০ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ; যাদের অধিকাংশই রোহিঙ্গা মুসলমান। এএফপি।