রোহিঙ্গা হত্যার খবর তদন্ত করার আহ্বান জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সম্প্রতি অন্তত ৪০ জন রোহিঙ্গা মুসলিমকে হত্যার খবর তদন্ত করতে ওই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ওই ঘটনায় মিয়ানমারের পুলিশ জড়িত বলে অভিযোগ রয়েছে।
মিয়ানমারে নতুন করে সহিংসতার ব্যাপারে সর্বশেষ উদ্বেগ জানিয়ে দেওয়া বৃিবতিতে জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সংঘাতপ্রবণ রাখাইন রাজ্যে চলতি মাসের শুরুর দিকে বেশ কয়েকটি হামলার ব্যাপারে তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে।
মিয়ানমার সরকার অবশ্য বেসামরিক নাগরিক হত্যার খবর নাকচ করে দিয়েছে। তবে তারা বলেছে, সংঘর্ষের পর একজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক প্রধান নাভি পিল্লাই গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ‘রাখাইন রাজ্যের দু চি ইয়ার তান গ্রামে প্রাণহানির ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি এবং মিয়ানমারের কর্তৃপক্ষকে এই ঘটনার পূর্ণাঙ্গ, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ঘটনার শিকার ব্যক্তিদের ও তাদের পরিবারকে ন্যায়বিচার পাওয়ার আশ্বাস দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
জাতিসংঘ বলেছে, তারা বাংলাদেশ সীমান্তের কাছে ওই গ্রামে আটজন রোহিঙ্গা মুসলিমকে হত্যার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। স্থানীয় রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধরা ৯ জানুয়ারি সেখানে ওই হামলা চালায়।
চার দিন পর একই গ্রামে পুলিশের একজন সার্জেন্টকে আটক করে হত্যা করে রোহিঙ্গারা। এ ঘটনার জের ধরে একই দিন সন্ধ্যায় পুলিশ এবং রাখাইন বৌদ্ধরা গ্রামটিতে আবার হামলা চালিয়ে অন্তত ৪০ জন রোহিঙ্গা মুসলিম পুরুষ, নারী ও শিশুকে হত্যা করে। এসব তথ্য মিয়ানমারের সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানায় জাতিসংঘ। তবে মিয়ানমারের প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র ইয়ে টুট জাতিসংঘের বিবৃতিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, এটা ‘ভিত্তিহীন’ সূত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
২০১২ সাল রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কয়েক দফায় সহিংসতার ঘটনা ঘটে। এতে কয়েক শ মানুষের প্রাণহানির পাশাপাশি গৃহহীন হয়েছে অন্তত এক লাখ ৪০ হাজার মানুষ। এএফপি।