মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সে দেশের রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও ধর্ষণ এবং গণগ্রেপ্তার চালিয়ে তাদের অমানুষিক নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ এই অভিযোগ করে।প্রতিবেদনে বলা হয়, গত জুনে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতের পর উৎপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় নিরাপত্তা বাহিনী। দাঙ্গা শুরুর দিকে সহিংসতা প্রতিরোধে যৎসামান্যই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন এবং ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে এক সপ্তাহ ধরে সহিংসতা চলার পর ত্রাণকর্মীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে; অনেক ক্ষেত্রে তাদের আটক করে রাখা হয়েছে। আর রোহিঙ্গারা সরকারের দমন-নিপীড়নের শিকার হয়েছে।রাখাইন ও রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে মোট ৫৭টি সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। প্রতিবেদনটিতে মিয়ানমারের বহুদূরপ্রসারিত ওই সাম্প্রদায়িক বিদ্বেষের প্রতি আলোকপাত করার পাশাপাশি ২০১১ সালে দায়িত্ব নেওয়া বেসামরিক সরকার যে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল, তা-ও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।এইচআরডব্লিউর এশিয়ার পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘বার্মার (মিয়ানমারের পুরোনো নাম) নিরাপত্তা বাহিনী আরাকান (রাখাইন) ও রোহিঙ্গাদের একে অপরের হামলা থেকে রক্ষায় ব্যর্থ হয়েছে। এরপর তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা লেলিয়ে দিয়েছে এবং গণগ্রেপ্তার করেছে। সরকার দাবি করেছে, তারা জাতিগত বিবাদ ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আরাকান রাজ্যের সাম্প্রতিক বিষয়গুলো স্পষ্ট করেছে, রাষ্ট্রীয় ইন্ধনে নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।’মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না মং লিউয়িন গত সোমবার দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিল। ধর্মীয় নিপীড়নের কারণে ওই সহিংসতার আগুন জ্বলেনি বলেও দাবি করে তিনি বলেন, এটাকে একটি ধর্মীয় বিষয়ের তকমা দিয়ে পরিস্থিতি নিয়ে রাজনৈতিকীকরণ ও আন্তর্জাতিকীকরণ করার প্রচেষ্টা চলেছে। তিনি আরও বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার আন্তরিক ছিল।গত জুনের ওই সহিংসতার সময় মিয়ানমারের সরকারের ভূমিকার প্রশংসা করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পরিচালক ব্র্যাড অ্যাডামস পরোক্ষভাবে তাদের সমালোচনা করে বলেন, মিয়ানমারে পরিবর্তনের একটি ভাবপ্রবণ আখ্যানে অন্ধ হয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়। রয়টার্স।