রোহিঙ্গাদের নির্যাতনের বদলা নেওয়ার হুমকি পাকিস্তানি তালেবানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলিমদের হত্যা-নির্যাতনের প্রতিশোধ নিতে মিয়ানমারে হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। পাকিস্তান সরকার যদি মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদ না করে এবং পাকিস্তানে মিয়ানমারের দূতাবাস বন্ধ করে না দেয়, তাহলে এই হামলা চালানো হবে বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি তালেবানের সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। টিটিপি সাধারণত বাইরের কোনো দেশের বিষয় নিয়ে এ ধরনের বিবৃতি দেয় না। বিবৃতিতে টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেন, ‘ইসলামাবাদে মিয়ানমারের দূতাবাস বন্ধ ও সম্পর্ক ছিন্ন না করা হলে আমরা যেকোনো স্থানে মিয়ানমারের স্বার্থের ওপর হামলা চালাব। শুধু তাই নয়, তাদের পাকিস্তানি দোসরদের ওপরও একে একে হামলা চালানো হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা মুসলিমদের রক্তের বদলা নেওয়া হবে।’সম্প্রতি মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গায় বেশ কয়েকজন নিহত হয়। এ ছাড়া হাজার হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। গত সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, দাঙ্গার পর নিরাপত্তা বাহিনী কয়েক শ রোহিঙ্গাকে বিনা বিচারে আটক রেখে নির্যাতন করেছে। এএফপি।