রোহিঙ্গাদের প্রতি বৈষম্যই মিয়ানমার 'সরকারের নীতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনের প্রতি বৈষম্যই দেশটির ‘সরকারের নীতি’ বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক এক মানবাধিকার সংগঠন।

সংগঠনটি এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমার সরকার যে রোহিঙ্গাদের প্রতি বৈষম্য করছে, তাদের চলাফেরায় বাধা দিচ্ছে ও পরিবার ছোট রাখার ব্যাপারে কড়াকড়ি আরোপ করছে, সে ব্যাপারে তাদের কাছে প্রমাণ রয়েছে।

মিয়ানমার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ওপর প্রতিবেদনটি তৈরি করেছে মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস। প্রতিবেদনে করা অভিযোগের বিষয়ে সরকারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, ফাঁস হয়ে পড়া বিভিন্ন নথিপত্রে দেখা গেছে, সরকারের নির্দেশে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে এ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ‘নির্যাতন-নিপীড়নের রাষ্ট্রীয় নীতি’ জোরাল করা হয়েছে।

সরকার রোহিঙ্গাদের দেশের নাগরিক নয়, বরং বিদেশি অভিবাসী হিসেবে গণ্য করে থাকে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের এ দেশটিতে রোহিঙ্গাদের প্রতি বৈরী মনোভাব ব্যাপকভাবে বিস্তৃত। তবে রোহিঙ্গারা নিজেদের মিয়ানমারের জনগণ বলে মনে করেন এবং দাবি করেন তাঁরা রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের শিকার। জাতিসংঘের কথায়, রোহিঙ্গারা বিশ্বে চরম নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি।  

বৈবাহিক বিধিনিষেধ: প্রতিবেদনে ফোর্টিফাই রাইটস বলেছে, ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ২০ বছরে তারা সরকারের ১২টি নথি বিশ্লেষণ করে দেখেছে, রাখাইনে রোহিঙ্গাদের মৌলিক স্বাধীনতার ওপর সরকারি নীতিতে ঢালাওভাবে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আওতায় সীমিত করা হয়েছে তাদের ‘চলাচল, বৈবাহিক সম্পর্ক স্থাপন, সন্তান-সন্ততি জন্মদান এবং বাড়িঘর সংস্কার ও মসজিদ-মাদ্রাসার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নির্মাণ।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের বিনা অনুমতিতে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ বা রাজ্যের বাইরে যাওয়াও নিষিদ্ধ। রাজ্যের অংশবিশেষে রোহিঙ্গা দম্পতিদের দুটির বেশি সন্তান নেওয়ার বিরুদ্ধে এক সরকারি আদেশে শর্ত আরোপ করা হয়েছে।

সরকারের ভিন্ন একটি নথিতে দেখা যায়, বিয়ে করতে হলে একজন রোহিঙ্গাকে অনুমতির জন্য আবেদন করতে হবে। এসব ব্যবস্থাকে মানবাধিকার সংগঠনটি অপমানজনক এবং রোহিঙ্গাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে রাখার প্রক্রিয়া বলে বর্ণনা করেছে।

প্রতিবেদনে সরকারের একটি নথি প্রকাশ করে বলা হয়, কোনো নারীর মাতৃত্ব বা জন্মদাত্রী হওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিলে তাঁকে নিজ সন্তানকে স্তন্যপান করাতে বাধ্য করেন কর্মকর্তারা।

রোহিঙ্গাদের প্রতি এ রকম কড়াকড়ির কথা কখনো কখনো শোনা গেলেও যে বিষয়টি নতুন তা হলো, প্রচারাভিযানকারীরা বলেছেন, রাখাইনের বৌদ্ধনিয়ন্ত্রিত স্থানীয় সরকারের তরফে তাঁদের কাছে এসব বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ আছে। বৌদ্ধদের মধ্যে এ ধরনের আশঙ্কা আছে, মুসলমানরা সংখ্যায় বেড়ে গেলে একদিন তারাই মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। বিবিসি।