রোহিঙ্গাদের ফেরত পাঠাবে থাইল্যান্ড
থাইল্যান্ডের অবকাশ দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা মিয়ানমারের ৭৩ জন শরণার্থীকে (রোহিঙ্গা) স্বদেশে ফেরত পাঠাবে দেশটির কর্তৃপক্ষ। থাই কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।ফুকেটের প্রাদেশিক গভর্নর মৈত্রী ইনথুসুত গতকাল বলেন, ‘উপকূলে ভাসমান ওই শরণার্থীরা জানিয়েছে, তারা সেখান থেকে মালয়েশিয়ায় যাত্রা করতে পারবে না। তারা অত্যন্ত পরিশ্রান্ত এবং সমুদ্রযাত্রায় দুর্যোগের আশঙ্কা করছে।’এই কর্মকর্তা আরও বলেন, শরণার্থী ৭৩ জনের মধ্যে ১২টি শিশুও রয়েছে। থাই অভিবাসী পুলিশের সহায়তায় এদের সবাইকে সড়কপথে নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এই বক্তব্যের এক দিন আগে মঙ্গলবার আশ্রয় প্রার্থনাকারী এসব রোহিঙ্গাকে থাই কর্তৃপক্ষ ওষুধ, খাবার ও জ্বালানি দেয়, যাতে তারা পুনরায় যাত্রা শুরু করতে পারে। দেশটি ভাসমান এই শরণার্থীদের গ্রহণ করার পরিবর্তে তৃতীয় কোনো দেশে যেতে সহায়তা করার নীতি গ্রহণ করেছে।মিয়ানমারে গত বছর সাম্প্রদায়িক সহিংসতায় কয়েক শ রোহিঙ্গা নিহত হয়। গৃহহীন হয় আরও অনেকে। দ্য হিন্দু।