রোহিঙ্গারা আঞ্চলিক ক্ষমতা নেবে, ভয় মিয়ানমারের
মিয়ানমারের রোহিঙ্গা ও রাখাইন বৌদ্ধদের সম্পর্কে তিক্ততা সৃষ্টির জন্য রোহিঙ্গারাই দায়ী বলে মনে করে মিয়ানমার সরকার। সরকার মনে করে, রোহিঙ্গারা রাখাইন প্রদেশে জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী এবং ভবিষ্যতে তারা আঞ্চলিক ক্ষমতা গ্রহণ করতে পারে। কয়েকজন সরকারি কর্মকর্তা সম্প্রতি আল জাজিরার সাংবাদিককে নেতৃস্থানীয় রোহিঙ্গা সাইদ আবদুল্লাহর উদাহরণ দিয়ে বলেন, সাইদের চার স্ত্রী ও ২৮ জন ছেলেমেয়ে। নাতিনাতনি ‘অসংখ্য’। তাঁর মতো বড় পরিবার রোহিঙ্গাদের মধ্যে খুব বেশি দেখা যায়। যা একসময় তাদের আঞ্চলিক ক্ষমতা পেতে সাহায্য করবে। তবে সাইদ আবদুল্লাহ বলেন, ক্ষমতার কোনো উচ্চাকাঙ্ক্ষা তাঁদের মধ্যে নেই। সাইদ বলেন, ‘আমরা শুধু রাখাইন ও বর্মিদের সমান অধিকার চাই।’রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার সরকারের দৃষ্টিভঙ্গিই অন্য রকম। সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক বলে মনে করে না। এমনকি ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহারেও অনীহা রয়েছে তাদের। রোহিঙ্গার বদলে তারা ‘বাঙালি মুসলিম’ বলতে বেশি আগ্রহী। মিয়ানমার সরকারের মতে, এরা সে দেশের আদিবাসী নয়, কয়েক দশক আগে অভিবাসী হিসেবে এসে এখানে আশ্রয় নিয়েছে। সম্প্রতি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন জোরের সঙ্গেই এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা আমাদের আদিবাসী জনগণের দায়িত্ব নেব। কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দায়িত্ব কেন নেব? রোহিঙ্গারা তো জাতিগতভাবে মিয়ানমারের নাগরিক নয়।’পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গত জুনে এই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটে ভয়াবহ সহিংসতার মাধ্যমে। জাতিগত সংঘাতে ৭৮ জনের প্রাণহানি ঘটে। সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে মিয়ানমার সরকারের বিরুদ্ধে। মিয়ানমার-বিষয়ক বিশ্লেষক বার্টিল লিন্টার বলেন, মিয়ানমারে বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, যখন বৌদ্ধরা জাপানিদের এবং মুসলমানরা ব্রিটিশদের বিতাড়িত করে। তাঁর এই মতকে অনেক বিশ্লেষকই সমর্থন করেন। আবার কারও কারও মতে, বেশ কয়েক শতাব্দী আগেই এই দ্বন্দ্ব শুরু হয়। বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকেরা মনে করেন, রোহিঙ্গাদের ব্যাপারে মিয়ানমার সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া রাখাইন রাজ্যে দুই পক্ষের সহাবস্থান অসম্ভব। সেখানে রোহিঙ্গাদের ভবিষ্যৎও অনিশ্চিত। আল জাজিরা।