রোহিঙ্গারা উদ্বাস্তু ও বন্ধুহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশকের পর দশক চলে আসা বৈষম্যের কারণে মিয়ানমারে রোহিঙ্গারা আজ ‘উদ্বাস্তু’ ও ‘বন্ধুহীন’। বিশ্বের বুকে তারাই সবচেয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠী। জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদনে রোহিঙ্গাদের এমন করুণ চিত্রই ফুটে উঠেছে।জাতিসংঘের হিসাব অনুসারে, মিয়ানমারে প্রায় আট লাখ রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে অধিকাংশের বসবাস রাখাইন রাজ্যে। গত কয়েক দিনের সহিংসতায় এই রোহিঙ্গাদের মারাত্মক ধকল সইতে হয়েছে।সুন্নি-মুসলিম রোহিঙ্গারা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের মতোই আঞ্চলিক বাংলায় কথা বলে। অনেক বার্মিজ ও মিয়ানমারের সরকার এই রোহিঙ্গাদের ‘বিদেশি’ হিসেবে গণ্য করে থাকে। আর রাখাইন রাজ্যে এই সংখ্যালঘু গোষ্ঠীর মানুষকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিমাতাসুলভ আচরণ সইতে হয়। মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের সংখ্যা প্রায় তিন লাখ। তাদের অনেকেই চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। রোহিঙ্গা শিবিরগুলো থেকে তোলা ছবিতে তাদের প্রতি চরম অবহেলার চিত্রই ফুটে উঠেছে। গত কয়েক বছরে দিশেহারা রোহিঙ্গারা জীবনের ঝুঁকি নিয়ে মিয়ানমার থেকে জরাজীর্ণ নৌকায় করে প্রতিবেশী দেশগুলোতে পালানোর চেষ্টা করেছে। প্রতিবেদনে প্রকাশিত রোহিঙ্গাদের এমন নিদারুণ যন্ত্রণার দৃশ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। মিয়ানমারে বহু ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস। তাদের মধ্যে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই মিয়ানমারে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের সরকারিভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। এর কারণ হিসেবে ১৯৮২ সালের একটি আইনের সীমাবদ্ধতা তুলে ধরা হচ্ছে। এই আইন অনুসারে প্রথম অ্যাংলো-বার্মিজ যুদ্ধের আগে যেসব গোষ্ঠী মিয়ানমারে বসবাস করেছে, শুধু তারাই নাগরিকত্বের উপযুক্ত হিসেবে বিবেচিত হবে। ১৮২৪ থেকে ১৮২৬ সাল পর্যন্ত এই যুদ্ধ হয়। হিলারির উদ্বেগ: মিয়ানমারের বৌদ্ধ ও মুসলমানসম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ বিশ্ব সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের শাসকদের প্রতি পরিস্থিতি শান্ত করতে এবং উভয় পক্ষের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে। রাখাইন প্রদেশের সহিংসতা সামাল দিতে জরুরি অবস্থা জারি করায় মিয়ানমারের সরকারের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এএফপি ও রয়টার্স।